বাংলাদেশ-আমিরাত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সম্মত
- আপডেট: ১২:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১০৩৫১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) পারস্পরিক স্বার্থে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে সম্মত হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সাথে মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া দু’দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সাক্ষরিত হয়েছে।
দুবাই এক্সিবিশন সেন্টারের অনুষ্ঠিত এই বৈঠকে উভয় নেতাই তাদের নিজ নিজ দলের নেতৃত্ব দেন এবং সমঝোতা স্মারকে সাক্ষর করেন।
সমঝোতা স্মারক চারটি হলো, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং আমিরাত সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড রিসার্চের (ইসিএসএসআর) মধ্যে সহযোগিতা। দুই দেশের ফরেন সার্ভিসেস একাডেমি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এবং দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের মধ্যে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক।
শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, যিনি দুবাইয়েরও শাসক, দুই দেশের মধ্যে এমিরেটস ফ্লাইট পরিচালনার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে শেখ হাসিনা বলেন, তার সরকার এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিপুল পরিমান বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ রয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী কোভিড-১৯ মহামারী সফলভাবে মোকাবেলায় সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রশংসা করেন। এছাড়া দুবাইয়ের অসাধারণ উন্নয়নের জন্য আল মাকতুমের প্রশংসা করেন।
সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রাক্কালে সংযুক্ত আরব আমিরাত সফর করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান।
এ বৈঠকে উপস্থিত ছিলেন অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড.আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।
ঢাকা/টিএ


































