বাংলালিংকের বিরুদ্ধে ফের মামলার আবেদন জেমসের
- আপডেট: ০১:৩৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১০৩২৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করেছেন শীর্ষ সংগীত তারকা জেমস। আজ বুধবার (১০ নভেম্বর) ঢাকার নিম্ন আদালত মামলাটি গ্রহণ করেন।
এ মামলায় সমন জারি করে বাংলালিংককে হাজির হতে আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে আদালতে গিয়ে মামলার আবেদন করেন রকস্টার জেমস।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
তিনি বলেন, জেমস বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। তার অসংখ্য জনপ্রিয় গান আছে। তার কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই জেমসের গান বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের সামিল। এ কারণে তিনি মামলা করতে আদালতে আবেদন করেছেন।
এর আগে ১৯ সেপ্টেম্বর কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ নিয়ে নিজের গান সুরক্ষার জন্য মামলা দায়ের করতে আদালতে গেছেন বাংলা ব্যান্ড সংগীতাঙ্গনের ‘গুরু’ ফারুক মাহফুজ আনাম জেমস। ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েসের আদালতে জেমসের আইনজীবী তাপস কুমার এই মামলার আবেদন করেন। এসময় জেমস নিজেও সরাসরি উপস্থিত ছিলেন।
আদালত মামলাটি ফিরিয়ে দিয়ে থানায় যাওয়ার নির্দেশ দেন জেমসকে। বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের আইনজীবী তাপস কুমার। অন্যদিকে আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, ‘বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করতে আসেন জেমস। কিন্তু আদালত মামলাটি ফিরিয়ে দিয়ে গুলশান থানায় গিয়ে মামলাটি করার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়াও আদালত বলেছেন, থানায় যদি মামলাটি না নেয় তাহলে আবার আদালতে এসে মামলাটি আবেদন করার জন্য।
তবে এই বিষয়ে জেমস কোনও মন্তব্য করেননি। তার ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘আমরা আদালতে গিয়েছি একটি কপিরাইট ইস্যু নিয়ে। আইনি আলাপ করেছি আইনজীবীদের সঙ্গে। কিছু দিকনির্দেশনা পেয়েছি। সে হিসেবে সামনের পরিকল্পনা করছি।’ জানা গেছে, জেমসের অসংখ্য গান এখনও বিভিন্ন প্রতিষ্ঠান বিনা অনুমতিতে বাণিজ্যিক ব্যবহার করে আসছে। এসব বিষয়ে কোনও সুরাহা না পেয়েই এবার আইনের আশ্রয়ে যাচ্ছেন জেমস।
ঢাকা/এমটি




































