বাসা থেকে ওজু, একটি করে কাতার ফাঁকা রেখে হবে ঈদ জামাত
- আপডেট: ০৩:২৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
- / ১০৩২৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহার জামাতে মুসল্লিদের বাসা থেকে ওজু করে ঈদগাহ এবং মসজিদে যাওয়ার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (৭ জুলাই) এক জরুরি বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এসব নির্দেশনা জারি করা হলো। ঈদ উপলক্ষে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। প্রত্যেকে নিজ নিজ বাড়ি থেকে ওজু করে নামাজে যাবে। সামাজিক দূরত্ব মেনে এক কাতার অন্তর অন্তর কাতার করে ঈদের জামাত পরিচালনা করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাস রোধ নিশ্চিত করতে মসজিদ, ঈদগাহর ওজুখানায় সাবান, হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। সবাইকে মাস্ক পরতে হবে। নিজ নিজ জায়নামাজ ও টুপি পড়ে আসতে হবে। মসজিদে সংরক্ষিত টুপি ও জায়নামাজ ব্যবহার করা যাবে না। করোনাভাইরাস মহামারি থেকে রক্ষা পেতে ঈদুল আজহার নামাজ শেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খতিব ও ইমামদেরকে দোয়া করতে হবে।
এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং ইসলামিক ফাউন্ডেশনকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।
আগামী ১০ জুলাই রোববার সারাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
ঢাকা/টিএ






































