বিসিবির শর্ত মানতে পারে ডমিঙ্গো
- আপডেট: ১২:৩৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ১০৩৪৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের ক্রিকেট এখন মেতে রয়েছে টি২০ দলের নতুন কোচ শ্রীধরন শ্রীরামকে বরণ করে নিতে। আজ বিকেলেই ঢাকায় পা রাখবেন তিনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে কাল বৈঠক তাঁর। যেখানে উপস্থিত থাকবেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
গুরুত্বপূর্ণ এ সভায় জাতীয় দলের কোচিং স্টাফের রোল ভাগ করে দেওয়া হবে। রাসেল ডমিঙ্গোকে বিশ্রামে রেখে শ্রীরামের হাতে তুলে দেওয়া হবে টি২০ দল। এশিয়া কাপে টাইগারদের কোচিং স্টাফের প্রধানও হবেন তিনি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোচিং স্টাফের এই পালাবদলে ডমিঙ্গো অধ্যায়ের সমাপ্তি হতে যাচ্ছে বলে গুঞ্জন রয়েছে ক্রিকেটপাড়ায়। মিডিয়ার বদৌলতে সে খবর পৌঁছেও গেছে প্রধান কোচের কানে। উদ্ভূত পরিস্থিতিতে তিনি বিচলিত কিনা দেখে বোঝার উপায় নেই। বিসিবির চাকরিতে তাঁর থাকা না থাকা নিয়ে জানতে চাওয়া হলে ফোনে নিরুদ্বেগ উত্তর দেন- ‘সব ঠিক আছে’।
বিসিবির সঙ্গে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত চুক্তি ডমিঙ্গোর। গত টি২০ বিশ্বকাপের আগে কঠিন একটি শর্ত জুড়ে চুক্তি নবায়ন করেছিলেন তিনি। প্রথম এক বছরে কোনো পক্ষই চুক্তি বাতিল করবে না। চুক্তি বাতিল করা হলে কোচকে এক বছরের বেতন দেবে বিসিবি। কোচ পদত্যাগ করলেও সমপরিমাণ অর্থ দিতে হবে বোর্ডকে। সেদিক থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিসিবি-ডমিঙ্গোর ছাড়াছাড়ির সুযোগ নেই।
শর্ত অনুযায়ী ২০২২ সালের ডিসেম্বরে গিয়ে যে ছাড়াছাড়ি হতে পারে তিন মাসের নোটিশে। তাই ডমিঙ্গোকে প্রধান কোচের পদে রাখা না রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চায় বোর্ড। বিসিবির একজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ডমিঙ্গো এশিয়া কাপে থাকবে না সেটা নিশ্চিত। বিশ্বকাপে যাবে কিনা সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী ডিসেম্বরে গিয়ে একটা ঝমঝোতা হতে পারে। হয় সে পদত্যাগ করবে, নয়তো বিসিবি চুক্তি বাতিল করবে।’
বিসিবি এ সময়ের ভেতরে নতুন কোচ শ্রীরামের কাজের ধরন-ধারণ বুঝে নিতে চায়। তিনি টি২০ দলকে জয়ের ধারায় নিয়ে যেতে পারলে দীর্ঘমেয়াদে চুক্তি করবে বোর্ড। প্রধান কোচ ডমিঙ্গোকে বিদায় বলে দেওয়া তখন সহজ হবে।
প্রশ্ন হচ্ছে, ডিসেম্বর পর্যন্ত কী করবেন ডমিঙ্গো? বিসিবি সভাপতির সঙ্গে কালকের বৈঠকে তাঁকে প্রস্তাব দেওয়া হবে ওয়ানডে ও টেস্ট দলের সঙ্গে কাজ করতে। মুমিনুল হকদের প্রস্তুত করতে বলা হবে ভারতের বিপক্ষে হোম সিরিজের জন্য।
বিসিবির এ প্রস্তাবে রাজি হবেন বলে বিশ্বাস টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, ‘রাসেল অনেক পেশাদার। যেহেতু বাংলাদেশ দলে একজন প্রধান কোচ আছেন রাসেল ডমিঙ্গো, তাই আমরা কোনো প্রধান কোচ নিয়োগ দিচ্ছি না। আমরা শ্রীরামকে টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে আনছি। বিসিবি কাকে কোন পজিশনে রাখবে, সেটা বিসিবি কল করবে। তবে রাসেল এ বিষয়ে কোনো কিছুই বলেনি। আমি তার সঙ্গে যতদিন কাজ করেছি বা যতটুকু জানি, সে যথেষ্ট ইতিবাচক মানুষ। আশা করছি বোর্ড তার সঙ্গে এ বিষয়ে কথা বলবে। আমার মনে হয় না, এটা বড় কোনো বিষয়। বিসিবির সিদ্ধান্ত মেনে নিয়ে সে কাজ করবে বলে আশা করি।’
ডমিঙ্গোও সিদ্ধান্ত নিতে চান ধীরে চলো নীতিতে। কারণ গত বছর টি২০ বিশ্বকাপের পরও ভীষণ চাপে ছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে এসে ভালোভাবেই টিকে রয়েছেন।
ঢাকা/এসএম





































