ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন
- আপডেট: ১০:৪০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ১০১৭৩ বার দেখা হয়েছে
দেশে করের আওতা বাড়াতে এবার ব্যাংক হিসাব খোলার জন্য কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, করের আওতা বাড়ানোর লক্ষ্যে এবারের বাজেটে ভবিষ্যতে নতুন ও বিদ্যমান উভয় ধরনের ব্যাংক হিসাবের জন্য টিআইএন বাধ্যতামূলক করা হতে পারে।তবে শিক্ষার্থী, সরকারি ভাতাভোগী এবং গেজেটের মাধ্যমে কর অব্যাহতি পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিছু ছাড় রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
বর্তমানে দেশে প্রায় ১৭ কোটি ব্যাংক হিসাব থাকলেও উল্লেখযোগ্য সংখ্যক হিসাবধারীর কোনো টিআইএন নেই। সরকার মনে করছে, ব্যাংক হিসাবের সঙ্গে কর শনাক্তকরণ নম্বর যুক্ত হলে আর্থিক লেনদেন পর্যবেক্ষণ সহজ হবে এবং কর ফাঁকির সুযোগ কমে আসবে।এ বিষয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ক্রেডিট কার্ডধারীদের জন্য টিআইএন বাধ্যতামূলক করার পর ক্রেডিট কার্ড গ্রহণের হার কমে গিয়েছিল। এখন নতুন করে ব্যাংক হিসাবধারীদের জন্য টিআইএন বাধ্যতামূলক করা হলে ব্যাংক লেনদেনও কমে যেতে পারে।



































