৫০০ কোটি টাকার ফান্ড, তরুণ উদ্যোক্তাদের সুখবর দিলেন অর্থমন্ত্রী
- আপডেট: ০৫:৫৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ১০১৭৬ বার দেখা হয়েছে
দেশে তরুণ উদ্যোক্তা তৈরিতে সরকার ৫০০ কোটি টাকার ফান্ড গঠন করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের তৃতীয় দিন প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে ও নতুন উদ্যোক্তা তৈরিতে যুব ও ক্রিড়া মন্ত্রণালয় এবং কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে যুব ঋণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। কম সুদে ঋণের ব্যবস্থা করা হচ্ছে। আগামী ২৬-২৭ অর্থবছরে স্টার্টআপ তহবিল, নারী উদ্যোক্তা তৈরি, নারী উন্নয়ন, ও তরুণ উদ্যোক্তা তৈরিতে প্রস্তাবিত বরাদ্দ মোট ৪০০ কোটি টাকা। এছাড়া স্টার্টআপ ফান্ড নামে ৫০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এখান থেকে ৪ শতাংশ সুদে তরুণরা লোন পাবেন।
অর্থমন্ত্রী আরও বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় সরকার সারাদেশে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে। এখন পর্যন্ত সরকার ১৩ লাখ ১৭ হাজার কৃষককে ঋণ মওকুফের আওতায় এনেছে। এ বিষয়ে সরকার এখন পর্যন্ত ১ হাজার ৫৭০ কোটি টাকার তহবিল গঠন করেছে।কন্টেন্ট ক্রিয়েটরদের বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ আছে জানিয়ে তিনি বলেন, আসছে বাজেটে বিষয়টি ভালো প্রাধান্য পাবে।
কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান কর্মসূচির মধ্যে অন্যতম কর্মসংস্থান তৈরি। এটা দূর করতে অন্যতম উপায় হচ্ছে দক্ষতা উন্নয়ন। কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষতা উন্নয়নে কাজ করবে সরকার। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভোকেশনাল স্কুলগুলোর পাশাপাশি তরুণদের স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থা করবে বর্তমান সরকার।তরুণদের ঋণদানের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে সহজ সর্তে ও স্বল্প সুদে (৭ শতাংশ সুদে) ৭ থেকে ৩৫ লাখ টাকা তরুণদের লোনের ব্যবস্থা করা হয়েছে।এ সময় অর্থমন্ত্রী আমীর খসরু আরও বলেন, দেশের ক্যাপিটাল মার্কেট অত্যন্ত খারাপ অবস্থানে আছে, ক্যাপিটাল মার্কেটকে গতিশীল করতে সব ধরনের সংস্কার করবে সরকার।
ঢাকা/আরএইচ


































