মনিজার শিক্ষার্থীদের তোপের মুখে প্রিন্সিপালকে সরিয়ে নিলো পুলিশ
- আপডেট: ০৬:২০:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ১০৩৪২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: জাতীয় প্রেস ক্লাবে আন্দোলনরত পুরান ঢাকার মনিজা রহমান গালর্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়েছে। এসময় শিক্ষার্থীদের তোপের মুখে নিজেদের গাড়িতে করে প্রিন্সিপালকে সরিয়ে নিয়েছে পুলিশ।রোববার (২০মার্চ) বিকেলে মানববন্ধন থেকে এ ঘটনা ঘটে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রোববার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে অবস্থান নেন মনিজা রহমান গালর্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা।তাদের অভিযোগ, ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন না হওয়ায় পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়ে স্কুলটির শিক্ষার্থীরা। ২০২২ সালের ২৮০ জন ও ২০২৩ সালের ৩০০ জন শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চয়তায় পড়েছে।
এ নিয়ে দিনভর চলে আন্দোলন। পরে বিকেল সাড়ে ৩টার দিকে প্রিন্সিপাল লুৎফুন নাহার প্রেস ক্লাবে এসে জানান, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন হয়েছে। তবে এতে আশ্বস্ত না হয়ে তারা প্রিন্সিপালের পদত্যাগ দাবি করেন।উদ্ভূত পরিস্থিতিতে প্রিন্সিপালকে পুলিশের গাড়িতে তোলা হলে গাড়ি ঘেরাও করে শিক্ষার্থীরা। গাড়ি থেকে প্রিন্সিপালকে পুলিশ বক্সে নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়।
এ নিয়ে আন্দোলনরত শিক্ষার্থী ইউসরা জেরিন খান সাংবাদিকদের বলে, আমরা প্রিন্সিপালকে বলেছি পদত্যাগ করুন। সেটা না করে আমাদের পুলিশ দিয়ে মার খাওয়াচ্ছে। আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমাদের কয়েকজনকে মেরেছে। আমাদের দুজন হাসপাতালে আছে।
সিনথিয়া আক্তার মাহী বলে, বিকেলের দিকে হঠাৎ কিছু মহিলা পুলিশ আমাদের উপর হামলা চালায়। এতে আহত হয়েছে পাঁচজন। এর মধ্যে নুসরাত আনসারি নামের এক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।এ সময় প্রেস ক্লাবের সামনের রাস্তা বন্ধ করে দেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার অভিযোগের বিষয়ে শাহবাগ থানার ইন্সপেক্টর শেখ আবুল বাশার বলেন, প্রিন্সিপালকে গাড়ি থেকে নামানোর পর মেয়েরা বেশ উত্তেজিত হয়ে ধাক্কা দিতে থাকে। এ সময় ধাক্কাধাক্কিতে দু-একজন আহত হয়ে থাকতে পারে।
ঢাকা/এসএ







































