মিরসরাইয়ের দুর্ঘটনায় গেটম্যান ও মাইক্রোবাসচালক দায়ী
- আপডেট: ০১:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১০৩৪৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাইয়ে বড়তকিয়া এলাকার লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কার ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেন ও মাইক্রোবাসচালক গোলাম মোস্তফার দায় পেয়েছে তদন্ত কমিটি। রেলওয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এই দুর্ঘটনার জন্য দু’জনকে দায়ী করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) মুহম্মদ আবুল কালাম চৌধুরীর কাছে পাঁচ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মুহম্মদ আবুল কালাম চৌধুরী। তিনি সাংবাদিকদের জানান, তদন্ত কমিটি দুর্ঘটনার জন্য গেটম্যান ও গাড়িচালককে দায়ী করেছে। গেটম্যান সাদ্দাম দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার বিষয়টি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। মাইক্রোবাসচালক গোলাম মোস্তফা দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়। আর গেটম্যান সাদ্দাম বর্তমানে কারাগারে আছে।
গত ২৯ জুলাই দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন পর্যটকবাহী একটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান ১১ জন। আহত হন সাতজন। এই সাতজনের মধ্যে দুজনের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। অন্য আহত ব্যক্তিরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনা তদন্তে দুটি কমিটি করে রেলওয়ে। একটি তদন্ত কমিটির প্রধান করা হয় রেলওয়ের পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরমান হোসেনকে। অপর কমিটির প্রধান রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী। আনসার আলীর নেতৃত্বাধীন কমিটি প্রতিবেদন জমা দিলেও অপর কমিটি এখনও প্রতিবেদন জমা দেয়নি।
ঢাকা/এসএ







































