যত টাকা টোল দিয়ে সেতুতে উঠেছেন প্রধানমন্ত্রী
- আপডেট: ০৫:১১:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
- / ১০৩৫৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: প্রথম যাত্রী হিসেবে টোল দিয়ে পদ্মা সেতুতে উঠেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টা দিকে সেতুর মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে টোল দেন তিনি। তবে প্রথম যাত্রী হিসেবে কত টাকা টোল দিয়েছেন প্রধানমন্ত্রী সেই রসিদের একটি ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। টোল পরিশোধের রসিদের ছবিটি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার ফেইসবুকে পোস্ট করেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি ক্যাপশনে লিখেন, ‘প্রথমবারের মতো পদ্মা সেতু পার হওয়ার আগে টোল পরিশোধ করলাম।’ রসিদে দেখা যায় নগদ ২ হাজার টাকা টোল ফি প্রদান করা হয়েছে। টোলের ট্রানজেকশন নাম্বার ০০০১। তারিখ ২৫-০৬-২০২২, সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৫৯ সেকেন্ড। লেন নং ০৩, শিফট নং ০১।যানবাহনের ধরন- ৬ (মিডিয়াম বাস)।
তবে সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী টোল দিয়েছেন ৭৫০ টাকা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা সবকটি গাড়ি বহরের টোলও দিয়েছেন। সে হিসেবে তিনি ১৬ হাজার ৪০০ টাকা টোল দিয়েছেন।
এরপর মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করেন। পরে মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে শরীয়তপুরের জাজিরা প্রান্তে যান তিনি। জাজিরা প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-২ উন্মোচন করেন।
এর আগে শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা হয়ে ঠিক ১০টায় মাওয়ায় আয়োজিত সুধী সমাবেশের মঞ্চে পৌঁছান প্রধানমন্ত্রী।
ঢাকা/এসএ







































