এক বিবৃতিতে আলবুকার্ক পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার সর্বশেষ ব্যক্তির খোঁজ পায় গত শুক্রবার রাতে। তাঁর মরদেহ লুথেরান ফ্যামিলি সার্ভিস কার্যালয়ের কাছে পাওয়া যায়। প্রতিষ্ঠানটি শরণার্থীদের সহযোগিতা দিয়ে থাকে বলে কেওবি৪ টেলিভিশন জানায়।
পুলিশ নিহত ওই পুরুষের পরিচয় প্রকাশ করেনি। তবে তারা জানিয়েছে, তিনি ২০ বছর বয়সী মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত। পুলিশ বলছে, তদন্ত কর্মকর্তারা মনে করছেন, দক্ষিণ এশিয়া থেকে আসা বাকি তিন মুসলিমকে হত্যার সঙ্গে শুক্রবারের হত্যাকাণ্ডেরও যোগসূত্র থাকতে পারে।
এর আগে নিহত ব্যক্তিদের দুজন পাকিস্তানি মুসলিম। ২৭ বছর বয়সী একজনের মরদেহ পাওয়া যায় ১ আগস্ট। এর আগে গত ২৬ জুলাই ৪১ বছর বয়সী অপরজনের মরদেহের খোঁজ মেলে।
আরেক আফগান মুসলিমের মরদেহ পাওয়া যায় গত বছরের ৭ নভেম্বর। ভাইয়ের সঙ্গে তিনি একটি দোকান চালাতেন। দোকানের বাইরে তাঁর মরদেহ পড়ে ছিল। বিবৃতিতে বলা হয়, এ হত্যাকাণ্ডের সঙ্গে পরের দুই হত্যাকাণ্ডের যোগসূত্র আছে কি না, তা তদন্ত করে দেখছেন গোয়েন্দারা।
কোনো ধরনের তথ্য থাকলে একটি হটলাইন নম্বরে কল দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। তারা জানিয়েছে, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) তদন্তে সহায়তা করছে।
এসব হত্যাকাণ্ডের ঘটনায় শহরের মুসলিম বাসিন্দাদের মধ্যে ব্যাপকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিউ মেক্সিকোর ইসলামিক সেন্টারের পাবলিক অ্যাফেয়ার্স পরিচালক তাহির গাউবা আলবুকার্ক জার্নালকে বলেন, এখন মানুষ আতঙ্কিত হতে শুরু করেছে।
ঢাকা/এসএ









































