গুগলের মতো ইউক্রেনের জনগণের সমর্থনে দেশটিতে লাইভ ট্রাফিক সেবা বন্ধের ঘোষণা দিয়েছে অ্যাপল। শহরের বিভিন্ন স্থানে জনসমাগমের তথ্যও জানাবে না অ্যাপলের ম্যাপ সেবাটি। ফলে রাশিয়াসহ অন্য দেশ থেকে ইউক্রেনের বিভিন্ন শহরের ট্রাফিক ও জনসমাগমের তথ্য জানা যাবে না।
এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। হামলার প্রতিক্রিয়া জানাতেই রাশিয়ায় অ্যাপল পণ্য বিক্রি ও সেবার কার্যক্রম বন্ধ করা হয়েছে। এমনকি রাশিয়ায় অ্যাপল পণ্য রপ্তানি কার্যক্রমও স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, অ্যাপলের পাশাপাশি ফেসবুক, ইউটিউব, টুইটারসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান নিজেদের সাইটে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল আরটিসহ বিভিন্ন চ্যানেল ও ওয়েবসাইটের তথ্য প্রচার বন্ধ করে দিয়েছে। চ্যানেল ও ওয়েবসাইটগুলােকে বিজ্ঞাপনের মাধ্যমে আয়ের সুযোগও বন্ধ করে দিয়েছে তারা। গুগল নিউজও আরটিসহ রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন ও পত্রিকার কোন সংবাদ প্রচার করবে না ।
ঢাকা/এমআর






































