শাকিবের গুঞ্জন সত্যি হলো
- আপডেট: ০৭:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ১০৩৪৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল এবার আমেরিকান অভিনেত্রীর বিপরীতে পর্দায় দেখা যাবে শাকিব খানকে। অভিজ্ঞরা বলে, শোনা কথায় বিশ্বাস করতে নেই। বিশেষ করে চলচ্চিত্রে কখন কি বিষয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে বলা দায়। কিন্তু এই ব্যাপারটি যে গুঞ্জন ছিল না জানা গেল গতকাল (২৮ মার্চ)।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
২৮ মার্চ ছিল শাকিব খানের জন্মদিন। মার্কিন মুলুকে এবার এই চিত্রনায়ক দিনটি পালন করেছে। এদিনই আমেরিকান অভিনেত্রী নিয়ে নতুন সিনেমার মহরত করে চমক দেয় শাকিব। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৯ মার্চ) ভোরে নিউ ইয়র্কের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে শাকিব প্রযোজিত নতুন সিনেমা ‘রাজকুমার’-এর মহরত। এই আয়োজনে পরিচয় করিয়ে দেওয়া হয় মার্কিন নায়িকা কোর্টনি কফিকে। এ সময় প্রকাশ করা হয় সিনেমার প্রথম মোশন পোস্টার।
‘রাজকুমার’ পরিচালনা করছে হিমেল আশরাফ। এই সিনেমার জন্য কয়েক ধাপে অডিশন নেওয়ার পর কোর্টনি কফিকে নির্বাচিত করা হয়েছে। তার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। থিয়েটারে কাজ করছে অনেকদিন। সম্প্রতি শর্ট ফিল্মেও অভিনয় করেছে বলে জানা যায়। যুক্তরাষ্ট্রের একটি পেশাদার এজেন্সির মাধ্যমে অভিনেত্রী বাছাই করেছে তারা। ওই এজেন্সি প্রথমে ৮৭ জনের একটি তালিকা দেয়। সেখান থেকেই নানান পর্বে বাছাই শেষে কোর্টনিকে পছন্দ করে রাজকুমার টিম। জানায় সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফ।
শাকিবের প্রতিষ্ঠান এসকে ফিল্মস প্রযোজিত এই সিনেমার সহপ্রযোজক কাজী রিটন ও জাকারিয়া মাসুদ। আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে সিনেমাটির শুটিং। নিউ ইয়র্ক, মায়ামি সমুদ্র সৈকতসহ দেশটির কিছু আকর্ষণীয় লোকেশনে এর দৃশ্যধারণ করা হবে। এরপর আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়া হবে বলে জানায় এর নির্মাতা।
ঢাকা/এসএ





































