শীতকালীন সবজি সারা বছর সংরক্ষণ করার উপায়
- আপডেট: ০৭:৩৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১০৪৪২ বার দেখা হয়েছে
শীতকালীন সবজি হিসেবে যেগুলো পরিচিত সেগুলো কম-বেশি সারা বছর পাওয়া যায় ঠিকই কিন্তু আসল স্বাদ ঠিক মেলে না যেন। শীতের সবজির স্বাদই আলাদা। এসময় ফুলকপি, বাঁধাকপি, শিম, গাজর, মুলা, ব্রকলি, টমেটো, ধনিয়াপাতা সবচেয়ে বেশি পাওয়া যায়। নানা রঙের এই সবজিগুলো বিভিন্ন ধরনের পুষ্টিগুণেও ভরপুর।
শীতকালীন সবজিতে থাকে প্রচুর ভিটামিন, মিনারেল, অ্যান্টি-অক্সিডেন্ট। বছরের অন্যান্য সময়ে এসব সবজি পাওয়া গেলেও তার দাম থাকে চড়া আবার স্বাদও খুব একটা পাওয়া যায় না। তাই বছরজুড়ে শীতকালীন সবজির স্বাদ নিতে চাইলে বাড়িতেই সংরক্ষণ করে রাখতে পারেন। চলুন জেনে নেওয়া যাক শীতের সবজি সারা বছর সংরক্ষণ করার উপায়-
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাঁধাকপি, ফুলকপি ও ব্রকলি
ফুলকপি ও বাঁধাকপি দেখতে কাছাকাছিই। কেবল রঙ আলাদা। স্বাদের ক্ষেত্রেও আছে কিছু ভিন্নতা। শীতকাল ছাড়াও এই দুই সবজির স্বাদ নিতে চাইলে প্রথমে পরিষ্কার পানিতে এই সবজির টুকরা দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিতে হবে। এরপর পানি ঝরিয়ে এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আর বাঁধাকপি সংরক্ষণ করে রাখতে চাইলে প্রথমে কুচি করে কেটে নিতে হবে। এরপর ভাপ দিয়ে সেদ্ধ করতে হবে। সেদ্ধ হলে ঠান্ডা করে চিপে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে।
টমেটো
সারা বছর পাওয়া গেলেও শীতকালীন টমেটোর স্বাদ তুলনামূলক বেশি থাকে। টমেটো সস, চাটনি নিয়মিত বাড়িতে খাওয়া হয় নিশ্চয়ই। অনেক ধরনের খাবার তৈরিতেই এই সবজি প্রয়োজন হয়। শীতকালীন টমেটো সংরক্ষণ করতে চাইলে পাকা টমেটো পেস্ট করে আইস ট্রেতে জমিয়ে নিয়ে সংরক্ষণ করতে পারেন। এছাড়াও টমেটো পাতলা করে কেটে নিয়ে রোদে শুকিয়ে নিতে পারেন। এরপর এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারেন।
পালং শাক
পালং শাক সংরক্ষণ করতে চাইলে প্রথমে একটি হাঁড়িতে পানি নিয়ে এক মিনিটের মতো ফুটিয়ে নিন। এরপর তাতে শাক দিয়ে আরও এক মিনিট ফোটান। শাক অনেকটাই কালো হয়ে যাবে। এরপর শাকগুলো তুলে নিয়ে ঠান্ডা পানিতে দিন। সেই পানিতে কয়েক টুকরা বরফ দিয়ে দিন। এভাবে রেখে দিন মিনিটখানেক। এরপর পানি ঝরিয়ে এয়ারটাইট বক্সে করে ফ্রিজে সংরক্ষণ করুন।
গাজর
গাজর সংরক্ষণ করতে চাইলে গাজরের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। এরপর একটি পাত্রে পানি ফুটিয়ে তাতে গাজরের টুকরোগুলো দিয়ে দিতে হবে। মিনিট তিনেক উচ্চ তাপে সেদ্ধ করে গাজরের টুকরোগুলো বরফের টুকরাসহ ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে আরও ২ মিনিট। এরপর পানি ঝরিয়ে জিপ লক ব্যাগে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন।
আরও পড়ুন: মুখের ক্যান্সারের যে প্রাথমিক লক্ষণগুলো উপেক্ষা করবেন না
মটরশুঁটি
মটরশুঁটি সবার কাছেই পছন্দের একটি সবজি। এটি সারা বছর সংরক্ষণ করতে চাইলে পানি ফুটিয়ে তাতে মটরশুঁটি দিয়ে দিতে হবে। উচ্চ তাপে ২-৩ মিনিট সেদ্ধ করতে হবে। এরপর পানি ঝরিয়ে ঠান্ডা পানি ও বরফের টুকরা দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এভাবে মিনিট তিনেক রেখে পানি ঝরিয়ে নিতে হবে। মটরশুঁটিগুলো ভালো করে মুছে জিপ লক ব্যাগে ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন।
ঢাকা/এসএম








































