শুদ্ধাচার পুরষ্কার পেলো বিএসইসি’র দুই কর্মকর্তা
- আপডেট: ১০:৫৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / ১০৩০৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: শুদ্ধাচার পুরস্কার ২০২০-২০২১ পেয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দুই কর্মকর্তা। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বাস্তবায়নে তাদের অবদানের স্বীকৃতি হিসেবে বিএসইসি এই পুরস্কারের জন্য তাদের নির্বাচিত করে। পুরস্কারপ্রাপ্তরা হলেন- বিএসইসি’র উপপরিচালক মুহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত ও ব্যক্তিগত কর্মকর্তা নাঈম আহমেদ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা, ২০২১ অনুযায়ী গ্রেড ২ হতে গ্রেড ৯ এর কর্মকর্তা/কর্মচারীদের মধ্য হতে নির্বাচিত হন উপপরিচালক মুহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত এবং গ্রেড ১০ হতে গ্রেড ১৬ এর কর্মকর্তা/কর্মচারীদের মধ্য হতে নির্বাচিত হন ব্যক্তিগত কর্মকর্তা নাঈম আহমেদ। পেশাগত জ্ঞান, দক্ষতা ও সততার নিদর্শনসহ ২৩টি সূচকে সর্বোচ্চ ফলাফলের জন্য নিজ নিজ ক্যাটাগরিতে তারা এই পুরস্কারপ্রাপ্ত হন। পুরস্কার হিসেবে তাদের হাতে সম্মাননা সনদ ও চেক প্রদান করা হয়।
২৬ জুন একটি অনুষ্ঠানের মাধ্যমে শুদ্ধাচার পুরস্কার ২০২০-২০২১ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসইসি’র চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএসইসি’র কমিশনার মোঃ আব্দুল হালিম। এছাড়া উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দীন আহমেদ ও ড. রুমানা ইসলাম। বিএসইসি’র নির্বাহী পরিচালক মোঃ মাহবুবের রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রদান করেন এ টি এম তারেকুজ্জামান।
বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দীন আহমেদ বলেন,কমিশনের কর্মকর্তাদের মানোয়ন্ন ও দক্ষতা বৃদ্ধিতে এ ধরণের পুরস্কার উৎসাহব্যঞ্জক। বিএসইসি’র চেয়ারম্যান কমিশনের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
অন্যদিকে, একজন কর্মকর্তাকে দক্ষতা, নৈতিকতা ও বুদ্ধিবৃত্তিক মানদন্ডে উত্তীর্ণ হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন বিএসইসি’র কমিশনার মোঃ আব্দুল হালিম।
ঢাকা/টিএ
































