সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি শুরু
- আপডেট: ০১:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩৬৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পাঁচ দফা দাবিতে সিলেট জেলায় পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের ‘কর্মবিরতি’ পালন করছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে এই কর্মসূচি শুরু হয়। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের ডাকে এ কর্মবিরতি আজ সিলেট জেলা ও বুধবার থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় পালিত হবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই ৫ দাবি জানিয়ে আসলেও কোনো দাবি মানা হয়নি। ৮ সেপ্টেম্বর মানববন্ধন করেছি ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপিও দিয়েছি। আজ মঙ্গলবার সিলেট জেলার রাস্তায় গাড়ি চলবে না। কাল বুধবার থেকে সিলেট বিভাগে গাড়ি চলাচল বন্ধ থাকবে।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ বলেন, এ আন্দোলনে একাত্মতা পোষণ করেছেন নিবন্ধিত পরিবহন শ্রমিকদের ৬ সংগঠন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে। আজ সকাল থেকে কদমতলী বাস টার্মিনাল থেকে বাস ছাড়েনি।
দাবিগুলো হলো- ট্রাফিক পুলিশের হয়রানি, রেকারিং বাণিজ্য ও মাত্রাতিরিক্ত জরিমানা আদায় বন্ধ, মহানগর পুলিশ কমিশনার, পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার ও অতিরিক্ত উপকমিশনারকে প্রত্যাহার; গাড়ি ফিটনেস মামলা সঠিকভাবে করা, সিলেট শ্রম আদালতে শ্রমিক ইউনিয়নগুলোকে হয়রানি বন্ধ এবং আদালত থেকে শ্রমিক প্রতিনিধি নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার; হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বন্ধ পাথরকোয়ারি খুলে দিতে হবে; সিলেটের সব ভাঙা সড়ক সংস্কার করা ও সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ করতে হবে।
আরো পড়ুন: মিয়ানমার সীমান্তে বিজিবিকে শক্তিশালী করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা/এসএ







































