সৃজিত জোর করেই শাহরুখের সঙ্গে ছবি তুলতে নিয়ে যায়: মিথিলা
- আপডেট: ০১:৪২:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১০৩৪২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বলিউড বাদশাহ শাহরুখ খানের সাথে ছবি তোলার কোন আগ্রহ ছিল না এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের অভিনেত্রী ও গায়িকা রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি একটি গণমাধ্যমের অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন তিনি। সেই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশের আরেক খ্যাত চিত্রনায়িকা পূর্ণিমা। মিথিলার মুখে এমন কথা শুনে, অবাক হয়েছেন তিনিও।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
২০১৯ সালের নভেম্বরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছিলেন শাহরুখ খান। কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করার সুবাদে সেখানে উপস্থিত ছিলেন মিথিলাও। অনুষ্ঠানের এক ফাঁকে টালিউডের তারকারা শাহরুখের সঙ্গে ছবি তোলার জন্য লাইন ধরে। একজনের পর একজন নিজেকে কিং খানের পাশে দাঁড় করিয়ে ক্যামেরাবন্দি হন। মিথিলাও শাহরুখের সঙ্গে ছবি তুলেছেন। তাদের সঙ্গে ছিলেন সৃজিতও। তবে ওই ছবি তোলার জন্য নাকি মোটেও আগ্রহী ছিলেন না মিথিলা।
মিথিলা বলেন, ‘আমি ছোটবেলা থেকেই তারকাদের দেখলে স্বাভাবিকভাবে নিতাম। কাউকে দেখেই অজ্ঞান হয়ে যাই না। তারকাদের দেখলে মনে হয়, তারা তো মানুষই। আমাদের মতো একজন মানুষ। অনুষ্ঠানে কলকাতার সব তারকা শাহরুখ খানের সঙ্গে ছবি তুলছিলেন। আমি চুপ করে বসে ছিলাম। সৃজিত আমাকে এসে বলছিল, তুমি যাবে না ছবি তুলতে। আমার যেতে ইচ্ছা করছিল না। সৃজিত আমাকে প্রায় জোর করেই শাহরুখ খানের সঙ্গে ছবি তোলার জন্য নিয়ে যায়। শুধু ছবিটাই তুললাম। এমন তো নয় যে, তার সঙ্গে কোনো বাক্য বিনিময় হয়েছে। শুধু একটা ছবি তুলে আমি অত এক্সাইটেড হতে পারিনি।’
মিথিলার প্রশ্নকর্তা হিসেবে অনুষ্ঠান সঞ্চালনা করেন পূর্ণিমা। তিনি আবার শাহরুখের ভক্ত। তাই সৃজিতপত্নীর এসব কথা শুনে বিস্মিত হন। পূর্ণিমা বলেন, ‘শাহরুখ খানকে দেখলে তো অজ্ঞান হয়ে যেতাম।’
ঢাকা/এমটি




































