‘স্কুপ’ আর ‘আয়নাবাজি’ : মুশফিকের শাস্তি চাইলেন নায়ক রুবেল
- আপডেট: ০৩:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ১০৩৭৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: এবার বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকের দায়িত্ববোধে নিয়ে কথা উঠেছে। ব্যাট হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচে জ্বলে উঠলেও বাকি ম্যাচগুলোতে রানের দেখা পাননি ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দলের একের পর এক ব্যর্থতার পরে সমালোচকদের আয়নায় চেহারা দেখতে বলে আরও রোষানলে পড়েন তিনি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডর বিপক্ষে গুরুত্বপূর্ণ দুইটি ম্যাচে স্কুপ ও রিভার সুইপ শট খেলতে গিয়ে আউট হয়ে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেন তিনি। তাই এবার মুশফিকের সমালোচনায় মেতে উঠলেন ঢাকাই সিনেমার নায়ক রুবেল। শুধু সমালোচনাই নয়, এই ক্রিকেটারের শাস্তিও দাবি করেছেন তিনি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাতকারে নায়ক রুবেল বলেন, ‘তামিমের মতো হার্ডহিটার প্লেয়ার কেন এবারের বিশ্বকাপ দলে নেই এটা আমার একটা জিজ্ঞাসা। আর মুশফিক সাহেবের কাছে আমার জিজ্ঞাসা, যেহেতু রিভার্স সুইপ খেলে মাঝেমধ্যেই আপনি দেশকে একটা খারাপ জায়গায় নিয়ে যাচ্ছেন; সেহেতু আপনি নরমাল শট কেন খেলেন না? নরমাল শটে তো আপনি অনেক ভালো খেলেন। গতকালের (শুক্রবার) খেলায় মুশফিক এবং লিটন যখন ভালো খেলছিলেন, তখন মুশফিকের স্কুপ করার তো কোনো দরকার ছিল না। তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। কারণ উনারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে।’
মুশফিকের এমন আত্মঘাতী শট খেলা উচিত হয়নি উল্লেখ করে রুবেল বলেন, ‘উনি এমন আত্মঘাতীমূলক খেলা খেলবেন… এমন শট আমি কখন খেলবে? যখন হাতে ৬ উইকেট আছে এবং জয়ের জন্য প্রয়োজন ১০ রান। কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ খেলা, যেখানে আগের ম্যাচে আমরা হেরেছি। সেই ম্যাচেও তিনি রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হয়েছেন; সেক্ষেত্রে গতকাল (শুক্রবার) এমনটা করা উচিত হয়নি। আমি উনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, দেশ ও জাতি আপনাদের দিকে তাকিয়ে থাকে। আপনারা ভালো করলে আমরা হাসি। ঘরের ভেতরে চিৎকার দেই, সেই চিৎকার শুনে পাশের বাসার লোকজন দৌড়ে আসে। এমন জোরে চিৎকার করি আমরা তাদের জন্য।’
তিনি বলেন, ‘আমি দেশকে ভালোবাসি। দেশের জন্যই চিৎকার করি। উনাদের জন্য (ক্রিকেটার) আমার অনেক ভালোবাসা আছে। অনেক সময় রাগে উনাদের দুই-চারটা কথা বলি। এটা কিন্তু মেনে নিতে হবে। হিরো হিসেবে আমিও অনেক কথা শুনেছি। সমালোচনা শুনতে হবে। সমালোচনা শুনে আপনি বলবেন- আয়নায় নিজের চেহারা দেখেন; এটা ঠিক না। আপনি যখন যেখানে যাবেন, আপনাকে জানতে হবে যে সমালোচনার সন্মুখীন হবেন। আপনি যেই হোন না কেন। আমি আড়াইশ ছবির হিরো। আমাকেও অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। তার জন্য কাউকে কোনোদিন কিছু বলিনি। আমারটা আমি করে যাব। আপনি ভালো কী করে করবেন, দেশ ও জাতিকে ভালো কী উপহার দেবেন, সেই চিন্তা করেন।’
রুবেল মনে করেন তারকাদের সমালোচনা গ্রহণের ক্ষমতা থাকতে হবে, ‘আমার মাঝে মাঝে মনে হয়, উনারা সমালোচনা নিতে পারে না। কিন্তু উনাদের নিতে পারা উচিত। উনারা যখন ভালো রেজাল্ট করে, তখন আমরা দেশ ও জাতি উনাদের অনেক কিছু দেই। কিন্তু আমি আগেও বলেছিল আবারও বলছি, উনারা যখন আত্মঘাতী কাজ করবে; রবীন্দ্রনাথের ভাষায় জেনে শুনে বিষ পান করবে; তখন তাদের শাস্তির আওতায় আনা উচিত। তারা জিতলে পরে যখন তাদের সবকিছু দিচ্ছি, গাড়ি-বাড়ি টাকা-পয়সা সব দিচ্ছি; আমি জেনেশুনে যখন একটা দেশকে ডুবিয়ে দিচ্ছি, এমন খেললে আমাদের ক্ষতি হবে, সেখানে আপনাদের কী বিচার আছে? আমরা তো কিছু করছি না। কেন? আমরা শুধু তাদের দিয়েই যাব, তারা যা খুশি খেলবে সেটা তো হবে না।’
দেশবাসী ক্রিকেটারদের কতটা ভালোবাসে তা উল্লেখ করে রুবেল বলেন, ‘আমরা তাদের দিকে তাকিয়ে থাকি। সারাদেশ, গোটা জাতি তাদের দিকে তাকিয়ে থাকে। তারা জিতলে আমরা রাস্তায় পাগলের মতো মিছিল বের করি, কাদের জন্য করি? উনাদের জন্যই তো করি। উনাদের তো সমালোচনা সইতে হবে। উনারা যখন ভালো করে তখন আমরা গলা ফাটিয়ে চিৎকার করি, খারাপ খেললে আমরা চিৎকার করব না। আমি ব্যক্তিগতভাবে একজন স্পোর্টসম্যান হিসেবে কখনই চিৎকার করব না। একজন প্লেয়ার একদিন ভালো খেলবে আরেকদিন মন্দ করবে সেটা হতেই পারে। টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে আমি মনে করি, তামিমের চেয়ে ভালো প্লেয়ার আমাদের দেশে নেই।’
ঢাকা/এমটি




































