হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার গেজেট প্রকাশ
- আপডেট: ০৬:০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ১০১৭৫ বার দেখা হয়েছে
শেয়ারবাজারের শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন [পুঁজিবাজার সংশ্লিষ্ট তথ্য প্রকাশ ও তথ্য প্রকাশকারীর (হুইসেলব্লোয়ার) সুরক্ষা প্রদান] বিধিমালা, ২০২৬’-এর গেজেট অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে। এর মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ এ বিধিমালাটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ বিধিমালাটি কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যাতে বিনিয়োগকারী ও সাধারণ জনগণ সহজেই এটি দেখতে ও পর্যালোচনা করতে পারেন।বাজারসংশ্লিষ্টদের মতে, এ বিধিমালা কার্যকর হওয়ার ফলে পুঁজিবাজারে সংঘটিত বিভিন্ন অনিয়ম, কারসাজি ও অসদাচরণের তথ্য প্রকাশে উৎসাহ বাড়বে। একই সঙ্গে তথ্য প্রদানকারীরা আইনি সুরক্ষা পাওয়ায় অনিয়মের বিরুদ্ধে তথ্য সরবরাহ আরও সহজ হবে।
বিএসইসি জানিয়েছে, হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার পাশাপাশি শেয়ারবাজারের টেকসই উন্নয়ন ও সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের পর থেকেই এসব আদেশ কার্যকর হয়েছে।
এর মধ্যে একটি হলো মিউচুয়াল ফান্ড রূপান্তর-সংক্রান্ত আদেশ এবং অন্যটি মূলধন সংগ্রহ-সংক্রান্ত প্রজ্ঞাপনের সংশোধনী।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার মতোই এ দুটি সংশোধিত আদেশ ও প্রজ্ঞাপনও বিএসইসির ওয়েবসাইটের আইন ও বিধিমালা-সংক্রান্ত নির্ধারিত সাব-মেনু থেকে ডাউনলোড ও বিস্তারিতভাবে পর্যালোচনা করা যাবে।
উল্লেখ্য, গত ১৭ মে হুইসেলব্লোয়ারদের সুরক্ষায় প্রণীত খসড়া বিধিমালার অনুমোদন দেয় বিএসইসি। পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে এর গেজেট প্রকাশ করা হলো। এর ফলে পুঁজিবাজারে স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা/আরএইচ



































