১৩ জুন চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন
- আপডেট: ০৪:৫৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / ১০৩৪৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে ১৩ জুন ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর কার্যক্রম উদ্বোধন করা হবে। বুধবার (৮ জুন) দুপুর ১টায় রাজশাহী রেলওয়ে (পশ্চিম) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ১ জুন এবং পরে ৮ জুন ট্রেনটি চালুর সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হয়েছিল।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
অসীম কুমার তালুকদার বলেন, রেলওয়ের পক্ষ থেকে আমরা আম ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছিলাম। তারা আমাদের জুন মাসের প্রথম সপ্তাহে ম্যাংগো ট্রেনটি চালু করার জন্য বলেছিলেন।আমরা মন্ত্রণালয়ে তা প্রস্তাব করেছিলাম। কিন্তু কিছু কাজ বাকি থাকায় ট্রেনটি চালু করা সম্ভব হয়নি। ১৩ জুন থেকে এ ট্রেন চলাচল করবে।
তিনি আরও জানান, অন্যবারের মতো অনানুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে কিনা তা পরে জানানো হবে। তবে ট্রেনটি ১৩ জুন চালু হবে। এজন্য সব প্রস্তুুতি নেওয়া হয়েছে।
রেল বিভাগের তথ্য মতে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২০২০ সালের ৫ জুন ম্যাংগো স্পেশাল ট্রেন প্রথম উদ্বোধন করা হয়। ওই বছরের ২১ জুলাই পর্যন্ত চলা ম্যাংগো ট্রেনে আম পরিবহন হয় ১ লাখ ৬৭ হাজার ৮২ কেজি। আর রাজস্ব আয় হয় ২ লাখ ১১ হাজার ৪৫৮ টাকা।
দ্বিতীয়বার মতো ২০২১ সালের ২৭ মে ট্রেনটি চালু করা হয়। ট্রেনটি ১৬ জুলাই পর্যন্ত আম পরিবহন করে। সেই বছর আম পরিবহন করা হয় ২ লাখ ৩৬ হাজার ৯৭৩ কেজি। রাজস্ব আদায় হয় ১৩ লাখ ৪৪ হাজার ৯২০ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের স্টেশন মাষ্টার শহিদুল ইসলাম মিঞা জানান, গত দু’বছর ধরে কম টাকায় আম পরিবহন করে আসছে ম্যাংগো স্পেশাল ট্রেন। এবারও ট্রেনটি চালু হবে। আগামী ১৩ জুন থেকে এ ট্রেনটি আম পরিবহন করবে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা। রেল কর্মকর্তারা এখনও আমাদের পরিবহনের খরচের কথা বলেনি। তবে গত দ ‘বছর ধরে ১ টাকা ৩১ পয়সা কেজি দরে আম পরিবহন করছে ট্রেনটি। আশা করা যায় এবারও এমনই খচর থাকবে।
ঢাকা/এসএ







































