২০৭৫৫০ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন
- আপডেট: ০২:৩৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ১০৩১৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদকঃ চলতি (২০২১-২২) অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) ২ লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকা চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২ মার্চ) সকালে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এনইসি সভা অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন এনইসি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার চলতি অর্থবছরের জন্য ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছিল। সংশোধিত এডিপিতে বরাদ্দ কমেছে ১৭ হাজার ৭৭৪ কোটি টাকা।
মোট বরাদ্দ করা অর্থের মধ্যে বৈদেশিক ঋণ ৭০ হাজার ২৫০ কোটি এবং দেশীয় অর্থায়ন ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা। আরএডিপিতে স্বায়ত্তশাসিত সংস্থার মোট প্রকল্প ১০৭টি। এসব প্রকল্পে মোট বরাদ্দ ৯ হাজার ৬১৩ কোটি টাকা। তবে মূল এডিপি থেকে স্বায়ত্তশাসিত সংস্থার বরাদ্দ আলাদা।
ঢাকা/এমআর
































