৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে লাগবে রিটার্ন দাখিলের প্রমাণপত্র
- আপডেট: ০৪:৪৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ১০৪৩৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পাঁচ লাখ টাকার বেশি ডাকঘর সঞ্চয় ও জাতীয় সঞ্চয়পত্র কিনতে রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিতে হবে। সোমবার (২৫ জুলাই) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
জাতীয় রাজস্ব বোর্ড থেকে পাঠানো এ সংক্রান্ত একটি চিঠির প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা নেওয়ার জন্য এই নির্দেশনা দিয়েছে ব্যাংকগুলোকে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে যদি ব্যক্তি সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগ অথবা পোস্টাল সঞ্চয় অ্যাকাউন্ট খুলতে চান, তবে সর্বশেষ বছরের আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে। আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক হিসেবে বাংলাদেশ ব্যাংক রিটার্ন দাখিলের প্রাপ্তিস্বীকার পত্র, করদাতার কর সনাক্তকরণ নম্বর, নাম ও রিটার্ন দাখিলকৃত অর্থবছরের তথ্য সম্বলিত সিস্টেম জেনারেটেড সনদপত্র বা উপ-কর কমিশনারের নিকট হতে ইস্যুকৃত সনদপত্র লাগবে।
আয়কর আদায় বাড়াতে চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে বেশকিছু ক্ষেত্রে আয়কর রিটার্ন জমার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এগুলোর অনেক ক্ষেত্রে আগে শুধুমাত্র কর শনাক্তকরণ নম্বর (টিআইএন সনদ) জমা দিলেই হতো। এখন থেকে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দিতে হবে।
ঢাকা/টিএ




































