৭০ বছর বয়সে মা হলেন এই নারী
- আপডেট: ০১:৫২:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ১০৩২১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ৭০ বছর বয়সে সুস্থ সন্তানের মা হয়েছেন এক নারী। শুনতে অবাক লাগলেও সম্প্রতি গুজরাটে এমনই ঘটনা ঘটেছে। এক মাস আগে সিজার অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া ওই ছেলেসন্তানের নাম রাখা হয়েছে লালু। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গুজরাটের কচ্ছ জেলাররাপার তালুকা এলাকার মোরা গ্রামের বাসিন্দা জিভুবেন রাবারি ও ভালজিবাই রাবারির ৪৫ বছরের দাম্পত্য জীবন। কিন্তু দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান হয়নি। এবারই প্রথম পুত্রসন্তান পেয়ে তাঁদের আনন্দের সীমা নেই। প্রথম দিকে চিকিৎসকদের জন্য ব্যাপারটি খুবই চ্যালেঞ্জের ছিল। কিন্তু জিভুবেনের দৃঢ় মনোভাবের জন্যই চিকিৎসকেরা উদ্বুদ্ধ হন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জিভুবেন চিকিৎসকদের জানান, তিনি টেস্ট টিউব পদ্ধতির মাধ্যমে সন্তান নিতে চান। কিন্তু চিকিৎসকরা জিভুবেনকে এই বয়সে গর্ভাধারণের ঝুঁকি না নেওয়ার পরামর্শ দিলেও সন্তানের ব্যাপারে তিনি বেশ আবেগপ্রবণ ছিলেন।
স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নরেশ ভানুশালি বলেন, ‘আমরা প্রথমে ওষুধ লিখে তার মাসিক চক্রকে নিয়মিত করি। এরপর বয়সের কারণে সংকুচিত জরায়ুকে চওড়া করি। পরবর্তীতে আমরা তাঁর ডিম্বাণু নিষিক্ত করি এবং ব্লাস্টোসিস্ট তৈরি করে জরায়ুতে স্থানান্তর করি।’
এ ঘটনার দুই সপ্তাহ পর চিকিৎসকেরা সোনোগ্রাফি করে ভ্রূণের উন্নতি দেখে খুবই অবাক হন। এরপর থেকে চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রাখেন। পরে যথাসময়ে হৃৎস্পন্দন শনাক্ত হয় এবং তাতে কোনো ধরনের বিকৃতিও দেখা যায়নি। এভাবে দিন এগোতে থাকে। মায়ের কোনো কমারবিডিটি না থাকলেও বয়সজনিত রক্তচাপের ঝুঁকি ছিল। তাই চিকিৎসকেরা গর্ভাবস্থার আট মাস পর একটি সিজার অপারেশনের মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ করান। এখন শিশু ও তার মা দুজনেই সম্পূর্ণ সুস্থ রয়েছে।
উল্লেখ্য, “ঈশ্বর নারীর প্রতিভাকে স্থাপন করেছে তার হৃদয়ে, কারণ এই প্রতিভার সৃষ্টিকর্ম হচ্ছে সর্বদাই প্রেমেরই সৃষ্টিকর্ম।”
ঢাকা/এমটি





































