আটক ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে পাঁচ পুলিশ আহত
- আপডেট: ১২:৪৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১০৩৪২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ছিনতাইয়ের অভিযোগে আটক ব্যক্তির ছুরিকাঘাতে রাজধানীর বংশাল থানার পাঁচ পুলিশ আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাতে বংশাল থানার ফটকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হুসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত পুলিশ সদস্যরা হলেন বংশাল থানার এসআই রবি আহসান, সহকারী উপপরিদর্শক (এএসআই) তাজুল ইসলাম, কনস্টেবল নজরুল ইসলাম, সজীব ও শফিকুল।
এসআই মোশাররফ হুসাইন বলেন, গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকার নর্থ সাউথ রোডে দিন সুপার মার্কেটের সামনে থেকে ইমন (২২) ও জুয়েল (২৩) নামের দুই ব্যক্তিকে ছিনতাইয়ের অভিযোগে আটক করা হয়। পরে বংশাল থানার গেটে গাড়ি থেকে নামিয়ে তাঁদের শরীর তল্লাশি করা হয়। এ সময় ইমন ‘সুইচ গিয়ার (একধরনের ছুরি)’ বের করে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে পুলিশ সদস্যরা আহত হন।
মোশাররফ হুসাইন আরও বলেন, কনস্টেবল নজরুল ইসলামের পেটে ছুরিকাঘাত করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা/এসএ







































