দাউদকান্দিতে পরিত্যাক্ত জমিতে সরকারি টিউবওয়েল স্থাপনের অভিযোগ
- আপডেট: ০২:১৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / ১০৪২৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: গ্রামাঞ্চলে সুপেয় পানি সরবরাহ নিশ্চিতে অগ্রাধিকারমূলক প্রকল্প হাতে নিয়েছে সরকার। যা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের মাধ্যমে ২৭৮টি নির্বাচনী এলাকায় টিউবওয়েলগুলো স্থাপন করা হচ্ছে। কিন্তু গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এসব টিউবওয়েল বিতরণ করার কথা থাকলেও অভিযোগ উঠেছে, প্রকল্পের আওতায় বেশকিছু টিউবওয়েল জনপ্রতিনিধিদের কর্মীদের বাড়িতেই স্থাপন হয়েছে। আর দরিদ্র জনগোষ্ঠী সেখান থেকে বঞ্চিত রয়েছে।
এমনই এক অভিযোগ এসেছে কুমিল্লা জেলাধীন দাউদকান্দি উপজেলার ১ নং সদর উত্তর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সাবেক মেম্বারের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ওই ইউনিয়নের ৭, ৮ এবং ৯ নং ওয়ার্ডের সাবেক মহিলা সদস্য বায়জিদা ইয়াসমিন মুক্তা হাসনাবাদ গ্রামের দরিদ্র জনগণের জন্য বরাদ্দকৃত টিউবওয়েল স্থাপনে ঘুষ দাবি করেন। তবে গ্রামবাসী তা দিতে অস্বীকৃতি জানালে তা নিজের পরিত্যাক্ত জমিতে স্থাপন করেন। অথচ সেখানে কোন বসতি নেই।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
গ্রামবাসীরা গতকাল মঙ্গলবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী বরাবর এ বিষয়ে অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, দাউদকান্দি উপজেলার ১ নং সদর উত্তর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সাবেক মেম্বার বায়জিদা ইয়াসমিন মুক্তা গ্রামের দরিদ্রদের জন্য প্রেরিত টিউবওয়েল সরবরাহের জন্য গ্রামের অসহায় মানুষদের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। গ্রামবাসী ঘুষ না দেয়ায় উপ-সহকারি প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, দাউদকান্দি-এর সহযোগিতায় নিজের পরিত্যাক্ত জমিতে স্থাপন করেছেন। যার মাধ্যমে সরকারি সম্পত্তি অবৈধভাবে ভোগদখলের অপরাধ করেছেন।
আর এ কারণে বিষয়টি তদন্ত সাপেক্ষে দাউদকান্দি ১ নং সদর উত্তর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সাবেক মেম্বার বায়জিদা ইয়াসমিন মুক্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রামবাসীর পক্ষ থেকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরকে অনুরোধ জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসনাবাদ গ্রামের বয়োজেষ্ঠ এক ব্যাক্তি জানান, ‘ঘটনাটি ২০২১ সালের। গ্রামীন জনপদের সাধারণ জনগণের সকল ভোগান্তি লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় এ গ্রামের জনগণের সুপেয় পানি নিশ্চিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি গভীর নলকূপ বরাদ্দ এসেছিল। কিন্তু সাবেক মহিলা মেম্বার মুক্তা এ টিউবওয়েলটি নিজের জমিতে স্থাপন করেছে। অথচ পতিত জমির মাঝখানে স্থাপিত ওই টিউবওয়েলের কাছে যাওয়ার জন্য কোন রাস্তাঘাট নেই। এমনকি সেখানে কোন ঘরবাড়িও নেই যে কেউ ওই টিউবওয়েলের পানি ব্যবহার করবে। শুধুমাত্র ঘুষের দাবীকৃত অর্থ না পাওয়ায় সরকারের লাখ টাকার সম্পত্তিটির অপব্যবহার করায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।
নাম না প্রকাশ করা ও বিষয়টি নিয়ে আগে অভিযোগ না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমরা গ্রামের অসহায় মানুষ। এছাড়া সাবেক ওই মহিলা মেম্বারের দেবর মো: নাজমুল বর্তমানে ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাদের লাঠিয়াল বাহিনী দিয়ে অকথ্য নির্যাতন চালায়। তাদের ভয়ে কেউ কথা বলতে পারে না। তবে এখন গ্রামবাসীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই গ্রামবাসী তাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। ইতিমধ্যে ৮ নং ওয়ার্ডের সদস্য নাজমুলের অনৈতিক কর্মকান্ডের বিষয়ে গণস্বাক্ষর কর্মসূচীও পালন করেছে। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়, দুদক, চট্টগ্রাম বিভাগী কমশিনারের কার্যালয় এবং কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ করা হয়েছে।
সাধারণ জনগণের ওপর কোন অন্যায় অত্যাচার বরদাস্ত করা হবে না, জনগণের হক জণগণকে বুঝিয়ে দিতে হবে: মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন
এ প্রসঙ্গে আলাপকালে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন বলেছেন, ‘সাধারণ জনগণের ওপর কোন অন্যায় অত্যাচার বরদাস্ত করা হবে না। জনগণের হক জণগণকে বুঝিয়ে দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে একবিন্দু ছাড় দেয়া হবে না। এমনকি সে যদি আমার দলের নেতা-কর্মী কিংবা আমার ব্যক্তিগত সমর্থকও হয়, তবুও ছাড় পাবে না। কারণ আমি এবং আমার নেতা মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়া মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ডিজিটাল, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ায় বদ্ধ পরিকর।’ তিনি আরও বলেন, ‘তদন্ত সাপেক্ষে এলাকাবাসীর অভিযোগ প্রমাণিত হলে বিদ্যমান আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।’
এ সময় বিজনেস জার্নালের মাধ্যমে তিনি এলাকাবাসীকে সকল সুবিধা-অসুবিধা এবং অভিযোগের কথা সরাসরি তাকে জানানোর আহ্বান জানান।
প্রসঙ্গত, এর আগে গত ৩০ আগস্ট বিজনেস জার্নালে ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য নাজমুলের অনৈতিক কর্মকান্ডের বিষয়ে ‘দাউদকান্দিতে ইউপি সদস্যের সদস্যপদ বাতিলের আবেদন’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
ঢাকা/এসআর








































