আড়াই হাজার কোটি টাকা ঋণ দিবে এআইআইবি
- আপডেট: ০৬:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
- / ১০৪৯৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশকে ২৫ কোটি ডলার বাজেট সহায়তা দিচ্ছে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)। প্রতি ডলার ১০৩ টাকা ৬৯ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ ২ হাজার ৫৯২ কোটি টাকা।
বুধবার (৭ ডিসেম্বর) রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার এবং এআইআইবির মধ্যে এ সংক্রান্ত ঋণ চুক্তি সই হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং এআইআইবির ভাইস প্রেসিডেন্ট উরজিট আর প্যাটেল চুক্তিতে সই করেন। ‘স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলেন্স প্রোগ্রাম’র আওতায় বাজেট সহায়তা পাবে বাংলাদেশ।
এ কর্মসূচির উদ্দেশ্য বাংলাদেশের সামাজিক উন্নয়নকে অধিক সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক করতে পদক্ষেপ নেওয়া। কর্মসূচির সুনির্দিষ্ট উদ্দেশ্য হিসেবে উল্লেখ রয়েছে, সামাজিক সুরক্ষা ব্যবস্থার পরিধি এবং দক্ষতার উন্নয়ন, সুবিধাবঞ্চিত মানুষের আর্থিক অন্তর্ভুক্তির উন্নয়ন ও অধিক সুযোগ সৃষ্টি। এ কর্মসূচির মাধ্যমে জীবনচক্রের সামাজিক ও স্বাস্থ্য চাহিদার প্রতি রেসপন্স সিস্টেম (সাড়াদান প্রক্রিয়া) শক্তিশালী করা হবে।
আরও পড়ুন: আট বছরের আগে নতুন গাড়ি পাবেন না ব্যাংকের চেয়ারম্যান-এমডি
এআইআইবি থেকে পাওয়া ঋণ তিন বছরের গ্রেস পিরিয়ডসহ সাড়ে ২৬ বছরে পরিশোধ করতে হবে। এআইআইবি ২০১৬ সালের কার্যক্রম শুরু করে এবং গত ৫ বছরে বাংলাদেশে এআইআইবির বিনিয়োগ ২ দশমিক ৭৯ বিলিয়ন মার্কিন ডলার। কোভিড পরিস্থিতি মোকাবিলাসহ সরকারের নেওয়া প্রণোদনা কর্মসূচি ও কোভিড পরবর্তী অর্থনীতিকে পুনরুদ্ধার এবং টেকসই প্রবৃদ্ধি অব্যাহত রাখতে বাজেট সহায়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
ঢাকা/এসএ































