জমিতে পানি না পেয়ে বিষপানে মৃত্যু ১
- আপডেট: ০৩:৩০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১০৩০২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে ধানের জমিতে পানি না পেয়ে প্রতিবাদে দুই আদিবাসী (সাঁওতাল) কৃষক বিষপান করেছে। তাদের মধ্যে অভিনাথ মার্ডি নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে গোদাগাড়ীর ঈশ্বরীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এ ঘটনার পর বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের অপারেটর পালিয়ে গেছে। এলাকায় এ নিয়ে আদিবাসী (সাঁওতাল) সম্প্রদায়ের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে। বিষপানে নিহত অভিনাথ মার্ডি (৩০) উপজেলার দেওপাড়া ইউনিয়নের নবাইবটতলা নিমঘুটু এলাকার বাবু চাঁদ মার্ডির ছেলে। একই সঙ্গে বিষপান করে গুরুতর অসুস্থ তার চাচাতো ভাই রবি মার্ডিকে (৩২) রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েক দিন ধরে ধরনা দিয়েও জমিতে পানি না পেয়ে আবার বুধবার সন্ধ্যার পর অভিনাথ মার্ডি ও তার চাচাতো ভাই রবি মার্ডি বিএমডিএর অপারেটরের কাছে যায়। ধানের জমিতে পানি দেওয়ার পরে পোকা মারার বিষ প্রয়োগ করবেন বলে ওই অপারেটরকে জানান তারা।
প্রতিউত্তরে অপারেটর বলে, ‘পানি দিতে পারব না। তোরা নিজেরাই সেই বিষ খেয়ে নে।’ এই কথা শোনার পরে এর প্রতিবাদে দুই ভাই সেখানেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।’এর পর স্থানীয়রা দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা অভিনাথ মার্ডিকে মৃত্যু ঘোষণা করে। গুরুতর অবস্থায় রবি মার্ডিকে হাসপাতালে ভর্তি করা হয়।গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানায়, এই ঘটনা শোনার পরে পুলিশ পাঠানো হয়েছে। তবে অপারেটরকে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানায়।
ঢাকা/এসএ






































