ডাবরের শেয়ার বিক্রি করে দেবে এসিআই
- আপডেট: ১১:২৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / ১০২৯৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশের অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেড ভারতীয় বহুজাতিক কোম্পানি ডাবর ইন্টারন্যাশনাল, ইউকে এর সাথে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত কোম্পানি এশিয়ান কনজ্যুমার কেয়ার (প্রাঃ) লিমিটেড ছেড়ে দিবে। এই কোম্পানিতে থাকা নিজের সব শেয়ার বিক্রি করে দেবে এসিআই।
বুধবার (১৩ জুলাই) এসিআই লিমিটেডের অনুষ্ঠিত বোর্ড সভায় এশিয়ান কনজ্যুমার কেয়ারের শেয়ার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এসিআই লিমিটেড এশিয়ান কনজ্যুমার কেয়ারের মোট শেয়ারের ২৪ শতাংশ ধারণ করছে, যার সংখ্যা ৮৪ লাখ ৮০ হাজার ১৮৭টি। শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। শেয়ারের পুরোটাই বিক্রি করে দেবে এসিআই। এর মাধ্যমে কোম্পানিটি ৬০ কোটি টাকা পাবে।
এসিআই লিমিটেড নিজেদের ব্যবসার প্রবৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যে এশিয়ান কনজ্যুমার ছেড়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
কোম্পানিটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। ডাবর ব্র্যান্ডের সাব-লাইসেন্সে নারিকেল তেল, মাথায় দেওয়ার তেল, শ্যাম্পুসহ বিভিন্ন প্রসাধনী উৎপাদন ও বাজারজাত করে থাকে এই কোম্পানি।
সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির নীট মুনাফার পরিমাণ ছিল ৪ কোটি ২৮ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ১ টাকা ২১ পয়সা।
ঢাকা/টিএ



































