নিবন্ধনধারী ২৫০০ শিক্ষককে নিয়োগের নির্দেশ
- আপডেট: ০৫:০৬:১১ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
- / ১০৩৩৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ১৩তম নিবন্ধনকারী ২৫০০ জনকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রায় দেন। রিটের পক্ষে অন্যতম আইনজীবী অ্যাড. মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ‘এনটিআরসি’ পরিচালনা করে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিও শূন্য পদে নিয়োগের জন্য এনটিআরসিএ ২০১৬ সালে ১৩তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিবন্ধন পরীক্ষায় তিন ধাপে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে মোট ১৭ হাজার ২৫৪ জন উত্তীর্ণ হলেও এনটিআরসিএ তাদের সবাইকে নিয়োগ দেয়নি। এর মধ্যে নিয়োগ বঞ্চিত ২২০৭ জন উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে নিয়োগ পেয়েছেন।
তিনি আরও জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধন প্রাপ্ত ২৫০০ নিবন্ধিতদের নিয়োগে পৃথক ৯টি রিটের চূড়ান্ত শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।
ঢাকা/এসএ





































