ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক
- আপডেট: ০৩:০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১০১৭২ বার দেখা হয়েছে
ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট এবং অংশগ্রহণকারী ঋণদাতা হিসেবে দায়িত্ব পালন করেছে।মঙ্গলবার (১৬ জুন) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।সিন্ডিকেটেড ঋণ ব্যবস্থায় ঢাকা ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক অংশগ্রহণ করেছে। পাশাপাশি বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) মেয়াদি ঋণ অনুমোদন করেছে।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সিন্ডিকেটেড টার্ম লোনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশিদ, বিআইএফএফএলের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আনিসুজ্জামান এবং ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান আসিফ মঈনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাসরুর আরেফিন বলেন, সিন্ডিকেটেড ঋণ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা স্বনামধন্য ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য পুঁজি সংগ্রহের একটি কার্যকর প্ল্যাটফর্ম। এই লেনদেনের মাধ্যমে ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসিকে সহায়তা করতে পেরে সিটি ব্যাংক আনন্দিত।ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান আসিফ মঈন বলেন, সম্প্রসারণ প্রকল্পটি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে এবং ২০২৭ সালের প্রথম দিকে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ার আশা করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের বস্ত্র ও পোশাক খাতের ক্রমবর্ধমান চাহিদা আরও ভালোভাবে পূরণ করা সম্ভব হবে।
জানা গেছে, এই সিন্ডিকেটেড ঋণের অর্থ ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের চলমান সম্প্রসারণ প্রকল্পে ব্যবহার করা হবে। প্রকল্পের আওতায় কোম্পানিটির উৎপাদন সক্ষমতায় নতুন করে ২৮ হাজার ৫০০ স্পিন্ডল যুক্ত হবে।
ঢাকা/আরএইচ


































