১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
মাহফিলের অগ্রিম টাকা নেওয়ার বিষয়ে যা বললেন তাহেরি
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৬:১০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১০৫০৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সিলেটের বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠের ওয়াজ মাহফিলের জন্য অগ্রিম টাকা গ্রহণ কিংবা দাওয়াত গ্রহণের কথা অস্বীকার করেছেন বহুল আলোচিত-সমালোচিত মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মঙ্গলবার (২২ মার্চ) রাতে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করে।তাহেরি তার ফেসবুক পেজে লিখেছে- ‘আজ (২২ মার্চ) দিনের বেলা একটি ফেসবুক লাইভ ও ইসলামী সুন্নী মহা সম্মেলনের একটি পোস্টার আমার নজরে এসেছে, উক্ত লাইভে আমাকে নানাভাবে দোষারোপ করে কথা-বার্তা বলা হয়েছে। পোস্টগুলোতে মানহানিকর কথা বলা হয়েছে। যা কখনও কাম্য নয়, আমি দৃঢ়চিত্তে বলতে চাই, আমাকে দাওয়াত না দিয়ে মাহফিল কমিটি প্রতারণামূলকভাবে আমার নাম পোস্টারে ব্যবহার করেছে।’
তিনি আরও লিখেছে, ‘প্রতারণামূলকভাবে পোস্টারে আমার নাম ব্যবহার করে লক্ষ মানুষের কাছে আমাকে অপমান করেছে। আবার ফেসবুক আইডিতে লাইভ করে মানহানিকর কথা বলছে। আমি কখনো দাওয়াত রাখলে মিস করি না, ওই মাহফিলের কমিটির লোকজনকে চ্যালেঞ্জ করছি তারা কোনো প্রমাণ দিতে পারবে না, আমি কখনো দাওয়াত নিয়েছি। যদি কোনো প্রতারক আমার নাম ব্যবহার করে কোনো প্রতারণা করে সেটার জন্য আমি দায়ী নই, সংশ্লিষ্টরা দায়ী। আমার সঙ্গে কখনো মাহফিল কমিটি যোগাযোগ করে নাই।’
এক সাংবাদিকের মাধ্যমে এই খবর জেনেছে দাবি করে তাহেরি আরও লিখেছে- ‘কে বা কারা আমার নামে প্রোগ্রাম দিয়ে ৩৩ হাজার টাকা নিয়েছে। তাই উক্ত মাহফিল কমিটি প্রতারণাকারী ও ফেসবুক লাইভের বিরুদ্ধে আগামীকাল (বুধবার) সাইবার আইনে ব্যবস্থা গ্রহণ করছি।’
এর আগে মঙ্গলবার (২২ মার্চ) বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ মাহফিলের আয়োজন করেছিলো স্থানীয়রা। ওই মাহফিলটিতে প্রধান অতিথি হিসেবে গিয়াস উদ্দিন আত-তাহেরি আসার কথা ছিল। বিকেলের দিকে প্রধান অতিথি হিসেবে ওয়াজ মাহফিলে তার বক্তব্য রাখার কথা থাকলেও তিনি না আসায় মাহফিলজুড়ে হট্টগোল দেখা দেয়।
এ সময় আয়োজকদের পক্ষ থেকে মাহফিল মঞ্চের মাইকে ঘোষণা দিয়ে জানানো হয়, ‘মাহফিলে আসা বাবদ তাহেরিকে অগ্রিম ৩৩ হাজার টাকাও বিকাশে পাঠানো হয়েছিল। কিন্তু সকাল থেকেই তাহেরির সঙ্গে যোগাযোগ রাখা মোবাইল ফোনে বারবার কল দিলে কেউ রিসিভ করেনি। ওয়াজের নির্ধারিত সময় পর্যন্তও কেউ কল রিসিভ করেনি, এমনকি কল ব্যাকও করেনি।’
টাকা নিয়ে তাহেরির না আসার বিষয়টি আয়োজক কমিটির পক্ষ থেকে মাহফিলের মাইকে জানিয়ে ওয়াজ শুনতে আসা মুসল্লিদের কাছে ক্ষমা চাওয়া হয়।এ সময় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাহেরির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। পরে আয়োজক কমিটির পক্ষ থেকে তাহেরিকে পুরো সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।অভিযোগের বিষয়ে জানতে তাহেরির মোবাইল নম্বরে কয়েকবার কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
এদিকে, ওই ওয়াজ মাহফিলে আয়োজক কমিটির পক্ষ থেকে তাহেরিকে অবাঞ্ছিত ঘোষণার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখে স্যোশ্যাল মিডিয়ায় তাহেরির বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে।
ঢাকা/এসএ
ট্যাগঃ
মাহফিলের অগ্রিম টাকা নেওয়ার বিষয়ে যা বললেন তাহেরি সিলেটের বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠের ওয়াজ মাহফিলের জন্য অগ্রিম টাকা গ্রহণ কিংবা দাওয়াত গ্রহণের কথা অস্বীকার করেছেন বহুল







































