ইট নিক্ষেপে আহত বাইকার সাজিদ মারা গেছেন
- আপডেট: ১২:৩৭:২১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / ১০১৭৫ বার দেখা হয়েছে
রাজধানীর কাফরুলে চলন্ত বাইকে ইট মেরে আহত করা সাজিদ চৌধুরী রাফি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
সোমবার (২২ জুন) সকাল ৭টার দিকে হাসপাতালটির নিবির পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাফির চাচা মো. নুর হোসেন চৌধুরী। তিনি জানান, ঘটনার দিন রাফিকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরদিন ১০ জুন তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়। প্রায় ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর সে মারা গেছে।
এর আগে, ৯ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ার আশরাফ আলী গলিতে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় এক তরুণ রাফিকে লক্ষ্য করে ইট ছুড়ে মারেন। ইটের আঘাতে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে অচেতন হয়ে যান। এ সময় মোটরসাইকেলটি তার শরীরের ওপর পড়ে থাকে। পরে ঘাতকরাই রিকশায় করে তাকে হাসপাতালে নিয়ে যান।
কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় ৩ জনকে এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।
ঢাকা/আরএইচ





































