মানবতাবিরোধী অপরাধে ইনুর মামলার রায় ৩০ জুন
- আপডেট: ০২:০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / ১০১৭৩ বার দেখা হয়েছে
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় সাতজনকে হত্যাসহ আটটি অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর রায় ঘোষণা করা হবে আগামী ৩০ জুন।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ সোমবার (২২ জুন) রায় ঘোষণার জন্য এই দিন নির্ধারণ করেন। প্যানেলের অপর সদস্যরা হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিমসহ অন্যান্য প্রসিকিউটর।জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আটটি অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলা আছে। ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হওয়া ইনু বর্তমানে কারাগারে আছেন।আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এই জাসদ নেতা। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ায় নিজ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় হত্যাকাণ্ডের শিকার হন ছয়জন। তারা হলেন- শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ। আহত হন বেশ কয়েকজন।এর প্রেক্ষিতে ইনুর বিরুদ্ধে উস্কানি, প্ররোচণা ও ষড়যন্ত্রসহ সুনির্দিষ্ট আটটি অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। পরে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
১৪ মে ইনুর বিরুদ্ধে যুক্তি-পাল্টা যুক্তি খণ্ডন শেষ করে প্রসিকিউশন ও আসামিপক্ষ। পরে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। মামলাটির একমাত্র আসামি হাসানুল হক ইনু।
ঢাকা/আরএইচ


































