ঢাকায় প্রতিবন্ধী মানুষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- আপডেট: ০৭:২০:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / ১০১৭৮ বার দেখা হয়েছে
রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবন সংলগ্ন শহীদ ফারহান ফাইয়াজ প্রতিবন্ধীদের খেলার মাঠে প্রতিবন্ধী মানুষের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) ঢাকার বিভিন্ন এলাকায় বসবাসরত প্রায় ১৫০০ জন প্রতিবন্ধী নারী-পুরুষ সকাল ১০টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেন।‘প্রতিবন্ধী মানুষের আয়োজিত ঈদ পুনর্মিলনী ২০২৬’ নামের এই আয়োজনে ঢাকার বিভিন্ন প্রতিবন্ধী সংগঠন একত্রিত হয়ে অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি সমন্বয়ের দায়িত্ব পালন করেন দৃষ্টি প্রতিবন্ধী ইফতেখার মাহামুদ।

ঈদ উদযাপন কমিটির আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করেন বি স্কানে কর্মরত বাপ্পি সরকার এবং সদস্য সচিব ছিলেন জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি সোহেল রানা।অনুষ্ঠানের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব এমপি।তিনি তার বক্তব্যে বলেন, দেশের এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ দের জন্য প্রধানমন্ত্রীসহ সরকারের বিশেষ নজর রয়েছে, আজকের অনুষ্ঠান থেকে প্রিয় প্রতিবন্ধী ভাই-বোন ও সংগঠনের সাথে তার যাত্রা আজ থেকে শুরু হলো।
ভবিষ্যতে এই চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য যা যা করা দরকার তার সবকিছুই করবেন প্রতিশ্রুতি দিয়ে সবার কাছে থেকে বিদায় নেন প্রতিমন্ত্রী।অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো আমন্ত্রিত ছিলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ ঝিটকা শরীফের পীর আমির খোজে ফাউন্ডেশন ও দি কনসোর্টিয়ামের চেয়ারম্যান তালেবে হক শাহ সুফী হযরত মাওলানা ডা. হারুন অর রশীদ এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মনোয়ার হাসান জীবন।
পীর সাহেব তার বক্তব্য শেষে উপস্থিত সকল প্রতিবন্ধীদের নিয়ে আল্লাহর দরবারে মোনাজাত পরিচালনা করেন।বেলা সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত জুম্মার নামাজের বিরতি দিয়ে শুরু হয় মধ্যাহ্ন ভোজ। এর মাঝে একটা অংশ দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলা নিয়ে মেতে উঠেন।এরপর জাগরন প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও অনুষ্ঠান উদযাপন কমিটির উপদেষ্টা সাংবাদিক সুমন চৌধুরী ও প্রতিবন্ধী নারী কাজলের যৌথ সঞ্চালনায় শুরু হয় প্রতিবন্ধীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রথমে প্রতিবন্ধীদের অংশগ্রহণে হয় গান ও কবিতা আবৃত্তি। পরে মঞ্চে আসেন কণ্ঠশিল্পী ইকবাল হোসেন রানা এবং শেষে মঞ্চে আসেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমন।জনপ্রিয় দুই শিল্পীকে কাছে পেয়ে টানা দুই ঘণ্টা গান-নাচের মাধ্যমে ঈদের আনন্দ ভাগ করে নেয় উপস্থিত সকলে।পরিশেষে জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উপদেষ্টা ও পৃষ্ঠপোষক রিয়াজুর রহমান তামিমের সৌজন্যে র্যাফেল ড্র আয়োজন করা হয়। এতে প্রথমে বেলুন ফুলিয়ে আনন্দ উদযাপন করে লটারির মাধ্যমে প্রথম পুরস্কার ৩২ ইঞ্চি স্নার্ট টেলিভিশন উঠান কণ্ঠশিল্পী এফ এ সুমন।
উক্ত আয়োজনে আরো ভূমিকা রাখেন- মিজানুর রহমান, হানিফ, কাশেম, মাঈন উদ্দিন, বাবলু শেখ, নিজামুদ্দিনসহ অনেকে।শেষে করতালির মাধ্যমে মাগরিবের আযানের সাথে সাথে অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষণা করেন সমন্বয়কারী ইফতেখার মাহমুদ।
ঢাকা/আরএইচ







































