আস্থাহীনতায় পুঁজিবাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা
- আপডেট: ০২:৪৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১০৩৫১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের পুঁজিবাজারের লেনদেন বেশ কয়েক মাস ধরে নিম্নমূখী প্রবণতার মধ্য দিয়েই চলছে। নিম্নমূখী প্রবণতার কারণে পুঁজিবাজারের প্রতি আস্থা পাচ্ছে না বিনিয়োগকারীরা। আর আস্থাহীনতার কারণে গত দেড় মাসে পুঁজিবাজার ছেড়েছেন ৬৬ হাজারেরও বেশি বিওধারী। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা গেছে, চলতি বছরের ৩১ মে পুঁজিবাজারে বিও হিসাব ছিল ২০ লাখ ৮১ হাজার ৮০টি। আর ১৪ জুলাই দিন শেষে বিও হিসাব ২০ লাখ ১৪ হাজার ৬৫১টিতে দাঁড়ায়। অর্থাৎ দেড় মাসে পুঁজিবাজার থেকে ৬৬ হাজার ৪২৯টি বিও হিসাব কমেছে।
জুলাই মাসের ১৪ তারিখ পর্যন্ত পুরুষদের বিও হিসাব ৪৮ হাজার ৫৩৭টি কমে দাঁড়িয়েছে ১৪ লাখ ৯৮ হাজার ৩০৯টিতে। মে মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৫ লাখ ৪৬ হাজার ৮৪৬টিতে। আর ১৪ জুলাই পর্যন্ত নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ১৭ হাজার ৯৬৫টি কমে পাঁচ লাখ ১৯৪টিতে দাঁড়িয়েছে। মে মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল পাঁচ লাখ ১৮ হাজার ১৫৯টিতে।
মে মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৬ হাজার ৭৫টি। দেড় মাসে কোম্পানি বিও ৭৩টি বেড়ে ১৪ জুলাই দাঁড়িয়েছে ১৬ হাজার ১৪৮টিতে।
জুলাই মাসের ১৪ তারিখ পর্যন্ত দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ৬০ হাজার ৩৫৫টি বিও হিসাব কমেছে। এর মাধ্যমে ১৪ জুলাই দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৯ লাখ ২৫ হাজার ৪০৪টিতে। যা মে মাসের শেষ দিন ছিল ১৯ লাখ ৮৫ হাজার ৭৫৯টিতে।
১৪ জুলাই পর্যন্ত বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ৬ হাজার ১৪৭টি বিও হিসাব কমে দাঁড়িয়েছে ৭৩ হাজার ০৯৯টিতে। মে মাসের শেষ দিন বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৭৯ হাজার ২৪৬টিতে।
ঢাকা/টিএ

































