সন্দেহজনক ভাবে বাড়ছে বিডি পেইন্টসের শেয়ার দর
- আপডেট: ০৭:৩৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
- / ১০৩৫৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত দেশীয় রং উৎপাদকারী প্রতিষ্ঠান বিডি পেইন্টসের এক মাসের মধ্যে শেয়ারদর বেড়েছে ৪৬০ শতাংশ। কিন্তু কোম্পানিটি বলছে, অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
তবে কোন কারণ ছাড়া কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়াকে সন্দেহজনক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। কোম্পানিটি এই বছরের ১৪ জুন এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়ে লেনদেন করছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সর্বশেষ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর ৮০ পয়সা বা ১.৪৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫২ টাকা ৮০ পয়সায়, যা বুধবার ছিল ৫৩ টাকা ৬০ পয়সা। আর মঙ্গলবার ছিলো ৫৬ টাকা।
৩০ জুন ২০২১ পর্যন্ত তার নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানির নিট মুনাফা দাঁড়িয়েছে ৪.৮৩ কোটি টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ৩.১৩ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরের শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৯৭ পয়সা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ৯৪ পয়সা।
এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে যোগ্য বিনিয়োগকারী অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা সংগ্রহের অনুমতি দেয়। বিডি পেইন্টস ১০ টাকা অভিহিত মূল্যে ১.২ কোটি সাধারণ শেয়ার ইস্যু করেছে। এর মধ্যে ভবন নির্মাণে ১.৭ কোটি টাকা, যন্ত্রপাতি স্থাপনে ৫.৫ কোটি টাকা এবং কার্যকরী মূলধন বাবদ ৪ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় হবে।
বিডি পেইন্ট এসএমই প্ল্যাটফর্মে লেনদেন শুরুর তিন বছরের মধ্যে বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। ৩০ জুন ২০২২ পর্যন্ত, স্পনসর এবং পরিচালকদের যৌথভাবে ৩১.৫৭ শতাংশ শেয়ার, প্রতিষ্ঠান ৫.২৮ শতাংশ এবং সাধারণ জনগণের ৬৩.১৫ শতাংশ কোম্পানির শেয়ার রয়েছে।
ঢাকা/এসআর

































