শিগগিরই এক্সপোজার লিমিট সমস্যার সমাধান হবে: শিবলী রুবাইয়াত
- আপডেট: ১২:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ১০৩৪৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: শিগগিরই এক্সপোজার লিমিট সমস্যার সমাধান হবে এবং আগামী মাসের মধ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানীর বনানীতে সেরাটন হোটেলে গ্রীন ডেল্টা ক্যাপিটাল আয়োজিত ‘পদ্মা ব্রিজ অ্যান্ড অপরচুনিটিজ ফর বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিএসইসি চেয়ারম্যান বলেন, দেশের পুঁজিবাজার নির্ভরযোগ্য এবং টেকসই মূলধন সরবরাহের উৎস হয়ে উঠতে পারে সঠিক নেতৃত্বের মাধ্যমে। দেশের পুঁজিবাজারে আগামীতে আরো নতুন অনেক কিছু আসবে।
তিনি বলেন, দেশের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে পদ্মা সেতু। পদ্মা সেতু ব্যবহার করে এর সুফল নেয়ারও আহবান জানান।
শিবলী রুবাইয়াত বলেন, বন্ডে ব্যাংকের বিনিয়োগ ও পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা সংক্রান্ত জটিলতা খুব শিগগির সমাধান হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বরাত দিয়ে তিনি বলেন, এখন থেকে বন্ডের বিনিয়োগ ব্যাংকের বিনিয়োগ সীমার মধ্যে অন্তর্ভূক্ত করবে না বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে বাজার দরের পরিবর্তে কস্ট প্রাইসে (ক্রয় মূল্য) বিনিয়োগ সীমা নির্ধারণ বিষয়টিতে অর্থ মন্ত্রণালয় নীতিগতভাবে একমত হয়েছে। এখন আইন সংশোধনের দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন গ্রীন ডেল্টা ক্যাপিটালের চেয়ারম্যান নাসির এ চৌধুরী। গ্রীন ডেল্টা ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রফিকুল ইসলাম অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
এছাড়া উপস্থিত ছিলেন একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল হক, চিটাগং স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নাসিম মঞ্জুর, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভূঁইয়া।
সেমিনারের শেষ পর্যায়ে ভোট অব থ্যাংকস জানান গ্রীন ডেল্টা ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফারজানা চৌধুরী।
ঢাকা/টিএ

































