কার্যকর ব্যবহার নিশ্চিত করতে আইপিও তহবিলের নতুন পরিকল্পনা
- আপডেট: ০৬:২১:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ১০১৭৩ বার দেখা হয়েছে
অলস পড়ে থাকা আইপিও তহবিলের একটি অংশ বিভিন্ন আর্থিক দায় পরিশোধ ও ব্যবসায়িক কার্যক্রমে ব্যবহারের প্রস্তাব অনুমোদন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে কোম্পানিটি একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোভিড-১৯ মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ২০২৪ সালের দেশীয় রাজনৈতিক অস্থিরতার প্রভাবে প্রতিষ্ঠানের কার্যকরী মূলধনের বড় অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে। একই সঙ্গে বিএমআরই প্রকল্পের জন্য প্রতিশ্রুত সিন্ডিকেটেড ঋণ দিতে ব্যর্থ হওয়ায় চট্টগ্রামের আগ্রাবাদ শাখায় সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসিতে জমা থাকা প্রায় ২০ কোটি টাকার আইপিও তহবিল দীর্ঘদিন ধরে খুবই স্বল্প মুনাফায় অলস অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে শেয়ারহোল্ডারদের বৃহত্তর স্বার্থ বিবেচনায় তহবিলটির বিকল্প ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
এ লক্ষ্যে কোম্পানির পরিচালনা পর্ষদ ৯ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত ১৮৭তম বোর্ড সভায়, যা হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়, কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন করেছে। তবে এসব প্রস্তাব বাস্তবায়নের জন্য স্পন্সর ও পরিচালক ব্যতীত অন্যান্য শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন হবে।প্রস্তাব অনুযায়ী, কোম্পানির শর্ট নোটিশ ডিপোজিট (এসএনডি) হিসাবে থাকা আইপিও তহবিল থেকে প্রথমে ৩ লাখ ৬৪ হাজার ৮১১ মার্কিন ডলার সমপরিমাণ বকেয়া এলসি দায় পরিশোধ করা হবে। বিল নম্বর SITPUBG148651G-এর বিপরীতে এই দায়ের বাংলাদেশি মুদ্রামানে মূল্য প্রায় ৪ কোটি ৫৬ লাখ ১ হাজার ৩৭৫ টাকা (প্রতি ডলার ১২৫ টাকা হিসাবে)।এ ছাড়া দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি ঋণ পুনঃতফসিলের জন্য বাংলাদেশ ব্যাংকের BRPD সার্কুলার নং-০৭ অনুসারে প্রয়োজনীয় ডাউন পেমেন্ট বাবদ ৪ কোটি ৩৩ লাখ টাকা আইপিও তহবিলের অবশিষ্ট অংশ থেকে সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে।উল্লেখিত দুটি খাতে অর্থ ব্যবহারের পর আইপিও তহবিলের অবশিষ্ট অর্থ কোম্পানির চলমান ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য কার্যকরী মূলধন হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৯ জুলাই ২০২৬ সকাল ১১টা ৩০ মিনিটে একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। সভাটি হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, যেখানে শেয়ারহোল্ডাররা অনলাইন প্ল্যাটফর্ম এবং সরাসরি উপস্থিতির মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন।সভাস্থল নির্ধারণ করা হয়েছে কোম্পানির কারখানা প্রাঙ্গণ, বি-৬ (অংশ), ৯-১০ ও ২৩-২৪, বিসিক শিল্পনগরী, ব্লক-এ, কাস্টম একাডেমি পোস্ট অফিস, সাগরিকা রোড, চট্টগ্রাম-৪২১৯।কোম্পানিটি জানিয়েছে, ইজিএমে অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ৩০ জুন ২০২৬ রেকর্ড ডেট হিসেবে নির্ধারণ করা হয়েছে।
ঢাকা/আরএইচ


































