পুঁজিবাজারে গুজব সৃষ্টিকারীরা দেশের ক্ষতি করছে: ইকরামুল হক
- আপডেট: ০২:৩৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
- / ১০৩২১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ‘পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে গুজব থেকে সকল সময় আমাদেরকে দূরে থাকতে হবে। গুজব সৃষ্টিকারীরা নিজের নয় দেশের ক্ষতি করছে। তাদেরকে মনে রাখতে হবে, তারাও এ দেশের নাগরিক। এটির কুফল দেশের সবাইকে ভোগ করতে হবে। সুতরাং গুজব থেকে দূরে থাকতে হবে এবং এটাকে পরিহার করতে হবে’।
শনিবার (৩০ জুলাই) ময়মনসিংহের টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) উদ্যোগে আয়োজিত দুই দিনের বিনিয়োগ শিক্ষা মেলার সমাপনী দিনে বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু এ কথা বলে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।
ইকরামুল হক টিটু বলে, ‘আজকে এ অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা কিভাবে পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে তা অত্যন্ত সাবলীল ভাষায় তুলে ধরেছেন। এ বিষয়ে বর্তমান সরকার প্রশিক্ষণ ও শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এটা আমরা অর্জন করতে পারলে সকল কাজে সফলতা অর্জন করতে পারব। আজকের অনুষ্ঠানে যেভাবে সুন্দর করে এ সেক্টরে বিনিয়োগের কথা বলা হয়েছে, যদি এ শিক্ষা ও জ্ঞানটুকু বহুপূর্বে আরোহণ করতাম তাহলে ডেস্টিনি ও যুবকের মতো ভুয়া সংগঠন দেশের মানুষের অর্থ কড়ে নিতে পারতো না।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের শেয়ারবাজার শুধু ওঠানামা করে- এটাই আমরা বলে থাকি। কিন্তু এটাই স্বভাবিক। এটা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব জায়গায় একই অবস্থা বিরাজ করছে। পুঁজিবাজারে কিভাবে বিনিয়োগ করবো, কতদিন করা যায়, কার কাছে করবো, বিনিয়োগকৃত অর্থ কিভাবে আমরা লাভসহ ফেরত পেতে পারি সেসব বিষয়ে আজকে আলোচনা হয়েছে। এতে আমরা বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছি। আমি মনে করি আজকের এ আয়োজন ক্ষুদ্র উদ্যোক্তা বা বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের কষ্টার্জিত অর্থের সঠিক বিনিয়োগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ জন্য বিএসইসিকে ধন্যবাদ জানাচ্ছি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএসইসির কমিশনার ড. রুমানা ইসলাম, বিএসইসির সাবেক কমিশনার আরিফ খান, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক মো. তারিক আমিন ভুঁইয়া, বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) মহাপরিচালক ড. তৌফিক আহমেদ, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি রিচার্ড ডি রোজারিও, রশীদ ইনভেস্টমেন্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক ও ডিবিএর সাবেক সভাপতি আহমেদ রশীদ লালী, বিএসইসির বিনিয়োগ শিক্ষা বিভাগের নির্বাহী পরিচালক রিপন কুমার দেবনাথ প্রমুখ।
ঢাকা/এসএ

































