কূটনৈতিক পাসপোর্ট না নেয়া প্রসঙ্গে যা বললেন তথ্য উপদেষ্টা
- আপডেট: ১২:৫২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১০১৯৮ বার দেখা হয়েছে
দিল্লি বিমানবন্দরে পাসপোর্ট নিয়ে কোনো ঝামেলা হয়নি জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আমি আমার কূটনৈতিক পাসপোর্টটি নিইনি। নিইনি মানে অন্য কোনো কারণে না, এই নিচ্ছি নেবো করতে করতে নেয়া হয়নি।তথ্য উপদেষ্টা বলেন, কূটনৈতিক পাসপোর্ট কোনো কারণ ছিল না, কারণ আমার পাসপোর্টে সার্ক স্টিকার দেয়া আছে। তার মানে কূটনৈতিক পাসপোর্ট যেভাবে কাজ করে সেভাবেই কাজ করার কথা। সুতরাং এটা কোনো কারণ না।
তিনি আরও বলেন, কেউ কেউ বলছেন কূটনৈতিক পাসপোর্টের কথা। আমি যদি কোনোদিনও কূটনৈতিক পাসপোর্ট না নেই তাহলে কি আমার বিদেশ ভ্রমণ বন্ধ হবে। আমি কূটনৈতিক পাসপোর্ট নিতে বাধ্যও না। আমি আমার জায়গা থেকে এটা নিতে পারি, কিন্তু নিতেই হবে এমন কোনো কথা নেই। কেউ কেউ বলার চেষ্টা করছেন পাসপোর্ট কারণ ছিল, পাসপোর্ট কোনো কারণ ছিল না। অন্য কারণ ছিল যেগুলো আপনারা ইন্ডিয়ান মিডিয়াতে দেখেছেন।
সিচুয়েশন খারাপ করতে চাননি জানিয়ে জাহেদ উর রহমান বলেন, আমার সঙ্গে দুর্ব্যবহার হয়েছে বলবো না, তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে আমার সঙ্গে যে ট্রিট করার কথা ছিল, সেটি করা হয়নি। সিচুয়েশনটাকে বেশি খারাপ করতে চাইনি। সেই বার্তাও দিয়েছি। আমরা পুরো প্রতিনিধি দলকে প্রত্যাহার করতে পারতাম, সেটি করা হয়নি।
দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে অংশ নেয়ার কথা ছিল ডা. জাহেদ উর রহমানের। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবার (১২ জুন) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। কিন্তু রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে রহস্যজনক কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট করেনি।
এমন পরিস্থিতিকে আত্মসম্মানে আঘাত হিসেবে দেখে পাসপোর্ট ফেরত চেয়ে দেশে আসার সিদ্ধান্ত নেন জাহেদ উর রহমান। তবে পরিস্থিতি বেগতিক দেখে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বারবার ভারতে প্রবেশের অনুরোধ জানালেও তিনি দেশে ফেরার সিদ্ধান্তে অটল থাকেন।সফরের বিষয়টি কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করা হয়েছিল। আগাম অবহিত করার পরেও ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত ব্যবহারের ঘটনায় দেশে ফিরে আসেন ডা. জাহেদ।
এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে রোববার রাতেই কলম্বোর উদ্দেশে রওনা দেন জাহেদ উর রহমান। সোমবার (১৫ জুন) ভোরে তিনি কলম্বো পৌঁছান। সেখান থেকে সকাল ৮টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। এরপর বেলা পৌনে ১২টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন।
ঢাকা/আরএইচ































