জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২২৮৯ কোটি টাকার সম্পদ জব্দ-অবরুদ্ধ
- আপডেট: ০৬:৫৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ১০১৭৮ বার দেখা হয়েছে
জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশে ও বিদেশে প্রায় ২ হাজার ২৮৯ কোটি টাকা সম্পদ জব্দ (ক্রোক) ও অবরুদ্ধ (ফ্রিজ) করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বিভিন্ন আদেশে ওই সম্পদ জব্দ ও ফ্রিজ করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুদকের জনসংযোগ উপ-পরিচালক মো. আক্তারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা যায়, দুদকের প্রধান কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জানুয়ারি মাসে ২৯টি আদালতের আদেশে দেশে ও বিদেশে সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়। এর মধ্যে বিদেশেই সবচেয়ে বেশি সম্পদের সন্ধান পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভারত ও ফিলিপাইনে ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্পেস শনাক্ত ও জব্দের আদেশ রয়েছে। সব মিলিয়ে জানুয়ারিতে জব্দ ও অবরুদ্ধ সম্পদের মোট মূল্য দাঁড়ায় প্রায় ২ হাজার ২১৬ কোটি টাকা। জানুয়ারি মাসে জব্দ ও ফ্রিজের রয়েছে ৬৯.২৬ একর জমি, ৪টি ভবন ৬টি ফ্ল্যাট, ১টি বাণিজ্যিক স্পেস, ২টি দোকান, ৬টি গাড়ি, ৭৯টি ব্যাংক ও সঞ্চয়ী হিসাব, যুক্তরাষ্ট্রে ৪৪টি ফ্ল্যাট, ফিলিপাইনে ২টি ওভারতে, ৯টি বাণিজ্যিক স্পেস, মালয়েশিয়ায় ৪৭টি, কম্বোডিয়ায় ১১৭টি, থাইল্যান্ডে ২৩টি ও সংযুক্ত আরব আমিরাতে ৫৯টি অ্যাপার্টমেন্ট ইত্যাদি।
অন্যদিকে ফেব্রুয়ারি মাসেও ২৯টি আদালতের আদেশে ৭২ কোটি টাকার অস্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ বা ফ্রিজ করা হয়েছে। বিভিন্ন স্থাবর ও আর্থিক সম্পদের জমি, ভবন, ফ্ল্যাট, প্লট, বাড়ি, দোকান ও গাড়ি। পাশাপাশি ১৪৪টি ব্যাংক হিসাবসহ বিপুল পরিমাণ আর্থিক সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। ফেব্রুয়ারিতে জব্দ ও অবরুদ্ধ সম্পদের মোট মূল্য প্রায় ৭২ কোটি ৪৭ লাখ টাকা। যার মধ্যে রয়েছে ৫৬.৫৮৯১ একর জমি, ১৪টি ভবন, ২৬টি ফ্ল্যাট, ১২টি প্লট এবং একটি বাড়ি, ২টি টিনশেড ঘর, ২টি দোকান ও ৬টি গাড়ি, ১৪৪টি ব্যাংক হিসাব, ৫ কোটি ২৮ লাখ টাকার বিনিয়োগ ইত্যাদি।
দুই মাস মিলিয়ে মোট ২ হাজার ২৮৮ কোটি ২০ লাখ ১৩ হাজার ৪৫২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ করেছে দুদক।
ঢাকা/এসএইচ







































