তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ
- আপডেট: ১২:২৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১০১৭৬ বার দেখা হয়েছে
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার লাভ রোডসংলগ্ন মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নাসা গার্মেন্টসের শ্রমিকেরা।
মঙ্গলবার (১৬ জুন) সকাল সোয়া ১০টার দিকে এই পোশাকশ্রমিকেরা প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের আকস্মিক এই অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কে সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বকেয়া বেতনের দাবিতে নাসা গার্মেন্টসের শ্রমিকেরা লাভ রোডসংলগ্ন প্রধান সড়কে নেমে আসেন। তারা সড়কের ওপর বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং আশপাশের সড়কগুলোতেও স্থবিরতা ছড়িয়ে পড়েছে। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় মূল সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকেরা।
সড়ক অবরোধ ও শ্রমিকদের বিক্ষোভের বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নাসা গার্মেন্টসের বকেয়া বেতনের দাবিতে প্রায় ১০০ থেকে ১৫০ জন শ্রমিক সড়কের ওপর অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছেন।তিনি আরও জানান, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করে যাচ্ছে। যান চলাচল স্বাভাবিক করতে এবং শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে বলেও নিশ্চিত করেছেন এই পুলিশ কর্মকর্তা।
ঢাকা/আরএইচ




































