বিনিয়োগ শিক্ষা ও নিরাপদ বিনিয়োগ সচেতনতায় ফোকাল পয়েন্ট কর্মকর্তা মনোনয়ন
- আপডেট: ০৬:৪৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ১০২০৬ বার দেখা হয়েছে
দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও নিরাপদ বিনিয়োগ সচেতনতা কার্যক্রম সম্প্রসারণে সমন্বয় সাধনের লক্ষ্যে ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও ডেপুটি ফোকাল পয়েন্ট কর্মকর্তা মনোনয়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৃহস্পতিবার (২১ মে) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সিদ্ধান্ত অনুযায়ী, দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও নিরাপদ বিনিয়োগ সচেতনতা কার্যক্রম সম্প্রসারণে সমন্বয় সাধনের লক্ষ্যে নির্বাহী পরিচালক, ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশন, বিএসইসি-কে সমন্বয়ক এবং মো. শরিফুল আলম, যুগ্ম পরিচালক (উপ-সচিব-২৭তম ব্যাচ), বিএসইসি-কে ফোকাল পয়েন্ট ও মো. শহিদুল ইসলাম, সহকারী পরিচালক, বিএসইসি-কে ডেপুটি ফোকাল পয়েন্ট কর্মকর্তা মনোনয়ন দেওয়া হয়েছে।
এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের মাসিক সমন্বয় সভার ব্যবসা-বাণিজ্য শীর্ষক আলোচনায় নিয়মিতভাবে বিনিয়োগ শিক্ষা ও নিরাপদ বিনিয়োগ সচেতনতা বিষয়ে এজেন্ডা প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ফোকাল পয়েন্ট ও ডেপুটি ফোকাল পয়েন্ট কর্তৃক সার্বক্ষণিকভাবে জেলা প্রশাসকের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখা এবং প্রয়োজনবোধে যোগাযোগ রক্ষার্থে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার/ সিনিয়র সহকারী কমিশনার, ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখায় ফোকাল পয়েন্ট ও ডেপুটি ফোকাল পয়েন্ট কর্তৃক পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত তথ্য সরবরাহ ও সহযোগিতা প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উক্ত ফোকাল পয়েন্ট ও ডেপুটি ফোকাল পয়েন্ট কর্মকর্তার নাম, পদবি, মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনসহ জেলা তথ্য অফিসসমূহে প্রেরণেরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ঢাকা/এসএইচ


































