শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা প্রকল্পও হাতে নেবে সরকার: প্রধানমন্ত্রী
- আপডেট: ০৫:৩৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ১০১৯৭ বার দেখা হয়েছে
শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা ব্যারাজ প্রকল্পও বর্তমান সরকার হাতে নেবে বলে অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২০ মে) বিকেলে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে সুধী সমাবেশে যোগ দিয়ে এ অঙ্গীকার করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা ব্যারাজ প্রকল্প হাতে নিচ্ছে সরকার। শুষ্ক মৌসুমে কৃষি জমিতে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ পদ্মা ব্যারাজ করা হবে। অনেকে সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা বলতে পারেন। কিন্তু বর্তমান সরকার আবারও অঙ্গীকার করছে, পদ্মা ব্যারাজ শুধু নয় তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে সরকার।’
ভূগর্ভস্থ পানি ব্যবহার বিপদজনক উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এর সঙ্গে দুর্যোগও জড়িত। ভূগর্ভস্থ পানি শূন্য হচ্ছে, মাটির নিচে পানি থাকছে না, কৃষক পানি পাচ্ছে না। নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার।’
খাল খনন কর্মসূচি রাজনৈতিক প্রতিশ্রুতি নয় বরং কৃষি, দুর্যোগ ও ভূমিকম্পের সঙ্গেও সম্পর্কিত বলে মন্তব্য করেন সরকার প্রধান।
তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ আসবে যা নিয়ন্ত্রণ করা যায় না। বাসস্থানের জন্য অন্যান্য অবকাঠামো নির্মাণ হচ্ছে, গাছপালা কাটা যাচ্ছে। ফসলি জমি থাকছে না। যে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ হতে যাচ্ছে, সেখানে অনেকে দুর্যোগ সম্পর্কে প্রশিক্ষণ নেবে।’
তারেক রহমান বলেন, ‘গরিব দেশ আমরা, সম্পদ কম। সম্পদকে রক্ষা করতে পারলে উন্নত দেশে উন্নীত করতে পারব। প্রকৃতিকে ঠিক রাখতে হবে।’
প্রকৃতিকে বিরক্ত না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্যোগ মোকাবিলা সম্পূর্ণভাবে করা যাবে না ঠিকই, কিন্তু দেশের মানুষ সচেতন না হলে প্রকৃতিকে বাঁচানো সম্ভব নয়।’
ঢাকা/এসএইচ






































