মন্ত্রীদের গাড়ি নিয়ে বেশি ছোটাছুটি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট: ০৩:০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ১০৩৮৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: জ্বালানির ব্যবহার কমাতে মন্ত্রীদের গাড়ি নিয়ে বেশি ছোটাছুটি না করে ভার্চুয়াল মিটিংয়ের প্রতি জোর দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ডিজেলের বিষয়ে তিনি বলেন, আমরা চিন্তা করছি এটা নিয়ে। সব জায়গায় কৃচ্ছতা সাধন করতে হবে। যেমন মন্ত্রীদেরও তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন যে গাড়ি নিয়ে ছোটাছুটির দরকার নেই। এ কথা একটু আগেও বলেছেন।
ওবায়দুল কাদের বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সংকট চলছে। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কারণে সংকট সামাল দিতে পেরেছে বাংলাদেশ।
তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের কোনো সিদ্ধান্ত হয়নি। আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায়। আমরা মনে প্রাণে চাই বিএনপি নির্বাচনে আসুক।
বিএনপির সংলাপে না যাওয়ার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে যাওয়া বিএনপির অধিকার। সব দলেরই সংলাপে অংশ নেওয়া উচিত।
গণপরিবহন ভাড়া বাড়ছে কি না জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, এ কথা এখন বলতে পারবো না। যখন বাড়বে তখন বলা যাবে। একটা ছোট কথা থেকে অনেক বড় কথা হয়ে যেতে পারে। এখন আমাদের কথাবার্তাও সতর্কভাবে বলতে হবে।
ঢাকা/টিএ








































