১১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

আইসিবির লোকসানের কারণ খুঁজতে কমিটি

শেয়ারবাজারের অন্যতম লাভজনক ও আস্থার প্রতীক ছিল ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। কিন্তু গত এক দশকে ধীরে ধীরে গভীর সংকটে রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠান। এখন শেয়ারহোল্ডারদের লভ্যাংশও দিচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গঠন করেছে চার সদস্যের তদন্ত কমিটি। একসময়ের লাভজনক আইসিবির ঘাড়ে এখন বিপুল লোকসানের বোঝা। আছে প্রভিশন ঘাটতি ও মিউচুয়াল ফান্ড পরিচালনার নানা প্রশ্ন। এরই মধ্যে উঠেছে অব্যবস্থাপনা, আর্থিক অনিয়ম ও দুর্বল তহবিল ব্যবস্থাপনার নানা অভিযোগ। এমন অবস্থায় শেয়ারবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এ বিনিয়োগ প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম খতিয়ে দেখবে তদন্ত কমিটি। তদন্ত কমিটির সদস্যরা হলেন— বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, উপপরিচালক মুহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত, সহকারী পরিচালক মতিউর রহমান ও সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম সাদ্দাম। তদন্ত শেষে ৬০ কার্যদিবসের মধ্যে কমিশনে প্রতিবেদন জমার নির্দেশনা দিয়েছে বিএসইসি। সেই প্রতিবেদনের ভিত্তিতে নেওয়া হবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা। আইসিবির সূত্র জানায়, গত অর্থবছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি প্রতিষ্ঠানটি। চলতি অর্থবছরে প্রথম ৯ মাসে (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) সমন্বিত লোকসান বেড়ে দাঁড়িয়েছে ৫৮৮ দশমিক ৭২ কোটি টাকায়। আর শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হিসেবে ৬ দশমিক ৭৯ টাকা। আগের বছরের একই সময়ে সমন্বিত লোকসান ছিল ২৭৭ কোটি টাকা। তদন্ত কমিটির কাজ সম্পর্কে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক আবুল কালাম আগামীর সময়কে বললেন, আইসিবির কয়েক বছরের আর্থিক হিসাব, সম্পদ, দায়, লাভ-ক্ষতি, নগদ প্রবাহের বিস্তারিত তথ্য এবং প্রতিষ্ঠানটির পরিচালিত বিভিন্ন ফান্ডের পারফরম্যান্স, আর্থিক সক্ষমতা খতিয়ে দেখবে এই কমিটি। তদন্তে অভিযোগ প্রমাণ হলে আইন অনুযায়ী ব্যবস্থা।