মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী
- আপডেট: ১০:২৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ১০১৭২ বার দেখা হয়েছে
একদিনের সফরে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন।প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে মৌলভীবাজার আসবেন। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠ এবং পরে মৌলভীবাজার জেলা সদরে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।
প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে কয়েক দিন থেকে জেলাবাসীর মধ্যে নানা রকম আলাপ-আলোচনা শুরু হয়েছে। এতে নতুন করে পুরোনো দাবিগুলো আলোচনাতে ফিরে এসেছে। দীর্ঘদিন থেকে মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, প্রবাসীবহুল ও পর্যটন এলাকা হিসেবে শমসেরনগর বিমানবন্দর চালু, জেলার হাওরগুলোর উন্নয়নে প্রকল্প গ্রহণসহ নানা দাবি আলোচনায় এসেছে।
এদিকে বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মধ্যেও এই সফরকে ঘিরে চলছে আলাপ-আলোচনা। প্রধানমন্ত্রীর আসা-যাওয়ার পথ সিলেট-ফেঞ্চুগঞ্জ-রাজনগর সড়কের ফেঞ্চুগঞ্জ এলাকা থেকে শ্রীমঙ্গল পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার সড়কের দুই পাশের ঝোপঝাড়, আগাছা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। ব্রিজের রেলিং ও জেব্রাক্রসিংগুলোতে নতুন করে রং করা হচ্ছে। সড়কের ভাঙাচোরা অংশ, গর্ত মেরামত করা হচ্ছে।সর্বশেষ বিকাল পৌনে ৫টায় দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
ঢাকা/আরএইচ


































