৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
- আপডেট: ০১:১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ১০২৯১ বার দেখা হয়েছে
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ কয়েকটি প্রদেশে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। পাকিস্তানের আবহাওয়া অধিদফতরের (পিএমডি) জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানায়, শনিবার (১৮ এপ্রিল) আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে পাকিস্তানের ইসলামাবাদ, পেশোয়ার এবং খাইবার পাখতুনখোয়ার (কেপি) বেশ কয়েকটি অংশ তীব্রভাবে কেঁপে উঠে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, সোয়াত, হাঙ্গু, উত্তর ওয়াজিরিস্তান এবং চিত্রালেও কম্পন অনুভূত হয়েছে। রাওয়ালপিন্ডিতেও কম্পন অনুভব করেছেন বাসিন্দারা।
ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯৯ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি। ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় এবং ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে পাকিস্তানে প্রায়ই ভূমিকম্প হয়। সাম্প্রতিক দশকগুলোতে দেশটিতে একাধিক বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছে।
চলতি মাসের শুরুতে পাকিস্তানে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ফেব্রুয়ারিতে ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।
ঢাকা/এসএইচ




































